সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
গতকাল সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এ বিপদের মুহূর্তে আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদের প্রধান অগ্রাধিকার।
সংবাদ পাওয়ার পরপরই বিজিএমইএর একটি জরুরি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দলটি উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান করে। তবে এ দুর্ঘটনায় কোনো নিয়মিত পোশাক শ্রমিক আহত হননি।
দুর্ঘটনার পর বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বিজিএমইএ। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং স্থানীয় হাসপাতালগুলোতে তদারকি করছে বিজিএমইএর চিকিৎসক দল। আহতদের ওষুধ ও চিকিৎসার বিষয়ে প্রীতি গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে সিলিন্ডার খালাসের নিরাপত্তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে বিজিএমইএ।
একইসঙ্গে সব পোশাক কারখানায় কেমিক্যাল ও গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা মেনে চলতে দ্রুত একটি জরুরি নির্দেশনা জারি করছে সংগঠনটি।
বিজিএমইএ বিশ্বাস করে, শিল্প দুর্ঘটনার পর শ্রমিকদের জীবন রক্ষা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দ্রুত উদ্ধার তৎপরতার জন্য ফায়ার সার্ভিস, সরকার ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।— সংবাদ বিজ্ঞপ্তি