ইউক্রেনীয় অভিবাসী অ্যালেক্স বাবিচ তার ইন্ডিয়ানার বাড়ির পেছনের উঠানে ফুটিয়েছেন বিশ্বের সবচেয়ে উঁচু সূর্যমুখী ফুল। প্রায় ৩৫ ফুট ৯ ইঞ্চি (১১ মিটার ও ২২ দশমিক ৯ সেন্টিমিটার) উচ্চতার এ ফুলটি সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্বোচ্চ সূর্যমুখী হিসেবে স্বীকৃত পেয়েছে। খবর এপি।
১৯৯১ সালে চেরনোবিল বিপর্যয়ের পর ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অ্যালেক্স বাবিচ। ইউক্রেনের জাতীয় ফুল সূর্যমুখীকে তিনি তার মাতৃভূমির প্রতি ভালোবাসা ও শান্তির প্রতীক হিসেবে দেখেন।
‘এই ফুলটা আমার সন্তানের মতো। প্রতিদিন এর যত্ন নিয়েছি,’ বলেন ৪৭ বছর বয়সী বাবিচ। তার ১০ বছর বয়সী ছেলে সৌভাগ্যের প্রতীক হিসেবে ফুলের পাতায় চারপাতা ক্লোভার রাখত বলে ফুলটির নাম ‘ক্লোভার’।
৩ সেপ্টেম্বর রেকর্ড মাপার দিনে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যান বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাসহ প্রায় ৮৫ জন উপস্থিত ছিলেন। ৪০ ফুট উচ্চতার যন্ত্র ব্যবহার করে ফুলটির উচ্চতা পরিমাপ করা হয়। এটি আগের রেকর্ডধারী জার্মান সূর্যমুখীর চেয়ে ৫ ফুট বেশি লম্বা।
বাবিচ বলেন, ‘খাবারের অভাবে বেড়ে ওঠা শৈশবই আমাকে কৃষিপ্রেমী করেছে। আজ এই ফুল ইউক্রেনের শান্তির প্রতীক।‘
‘ব্লুম’ নামের একটি প্রামাণ্যচিত্রে শিগগিরই এই ফুলের গল্প উঠে আসবে। বাবিচ এরইমধ্যে নানা স্থানে সূর্যমুখীর বীজ বিতরণ শুরু করেছেন, যার প্যাকেটে লেখা — ‘ভালোবাসা ছড়াও- সূর্যমুখীর বীজ।‘