এআইইউবি’র উদ্যোগে সোমবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’

বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ, বৈশ্বিক মানদণ্ড এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’। আগামীকাল সোমবার রাজধানী ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক ফোরামের আয়োজন করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

গ্লোবাল র‍্যাঙ্কিং সংস্থা কোয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস), বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সহযোগিতায় এ বছর ফোরামের প্রতিপাদ্য ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’।

ফোরামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শীর্ষ স্থানীয় প্রতিনিধিদের পাশাপাশি নীতিনির্ধারক, সরকারি প্রতিনিধি, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। দিনব্যাপী এ আয়োজনে বৈশ্বিক মানদণ্ডের আলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা ও সম্ভাবনা, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, ভবিষ্যৎ দক্ষতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে প্রাতিষ্ঠানিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া ‘কিউএস র‍্যাঙ্কিংস মেথডোলজি’ ও ‘কিউএস র‍্যাঙ্কিংস ২০২৮ সাইকেল’ নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।

এআইইউবি সূত্রে জানা গেছে, ফোরামে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশের ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এআই এরা’ এবং ‘অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মদক্ষতা, শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় এবং উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের আশা, ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৮’ সামনে রেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অভিন্ন ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরিতে এ ফোরাম বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় পর্যায়ের এ সংলাপ বিশ্ববিদ্যালয়, সরকার ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।-বিজ্ঞপ্তি

আরও