ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০২৬’ শেষ হয়েছে আজ। ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে আয়োজিত এ মেলায় প্রতিদিন ৭ হাজারের বেশি দর্শনার্থীর উপস্থিতি ছিল। মেলায় শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো ও নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ডিআইইউ লাইব্রেরি ও ডিআইইউ প্রেস যৌথভাবে মেলার আয়োজন করে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় মেলায় দেশের ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার অফিসিয়াল স্পনসর ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।
মেলায় বাংলা ও ইংরেজি ভাষার সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, একাডেমিক ও গবেষণাধর্মী বইসহ বিভিন্ন ধরনের প্রকাশনা প্রদর্শন ও বিক্রি করা হয়। এর মাধ্যমে ডিআইইউর শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা নিজেদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী বই সংগ্রহের সুযোগ পান।
গত রোববার (৯ আগস্ট) ডিআইইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল মেলার উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউজিসির বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের প্রতিনিধিসহ দেশের বিশিষ্ট লেখকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকাশকদের সঙ্গে বই ও প্রকাশনা নিয়ে কথা বলেন