প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং সেন্টার ফর রিসার্চ, এইচআরডি অ্যান্ড পাবলিকেশনের (সিআরএইচপি) যৌথ উদ্যোগে ‘সিগনিফিক্যান্স অব মোটিভেশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং: আ স্টাডি অ্যাট দ্য আন্ডারগ্র্যাজুয়েট লেভেল ইন ঢাকা’ শীর্ষক একটি প্রজেক্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাইম ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, এইচআরডি অ্যান্ড পাবলিকেশনের উপ-পরিচালক হালিমুজ্জামান চৌধুরী। বক্তব্যে তিনি অতিথি, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের স্বাগত জানান এবং শিক্ষা, গবেষণা ও জ্ঞানসৃষ্টির উৎকর্ষ সাধনে গবেষণাভিত্তিক একাডেমিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক মো. আলাউল আলম। তিনি তার গবেষণায় ঢাকার স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় প্রেরণার তাৎপর্য বিশ্লেষণ করেন এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও একাডেমিক সাফল্য বাড়াতে কার্যকর বিভিন্ন কৌশল উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান বহিঃস্থ বিশেষজ্ঞ ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। তিনি গবেষণার মানের প্রশংসা করেন এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে মতামত ও গঠনমূলক পরামর্শ দেন। পাশাপাশি তিনি ইংরেজি ভাষা শিক্ষাবিষয়ক গবেষণাকে আরো সম্প্রসারণের আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও ইংরেজি বিভাগের প্রধান ড. মো. আব্দুল আউয়াল, গবেষণাটিকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি মানসম্মত গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষ সাধনে প্রাইম ইউনিভার্সিটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন।