রাজধানীর বনানীতে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে। তিনি বনানী থানা যুবদলের আহ্বায়ক। এ ঘটনায় বুধবার (২ জুলাই) তার বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠানটি। পরে মনির হোসেনকে যুবদল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে মামলার তথ্যটি নিশ্চিত করেন বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক সুব্রত। তিনি বণিক বার্তাকে বলেন, হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা ও ভাংচুরের অভিযোগে মনির হোসেনসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বনানী থানায় করা লিখিত অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, গত ৩০ জুন রাত ৮টা ৫ মিনিটে মনির হোসেন তাদের রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভিআইপি রুম নিতে চান। কিন্তু সে সময় কোনো ভিআইপি রুম খালি না থাকায় তাকে দেয়া সম্ভব হয়নি। পরে তিনি টেবিলে বসে খাবার ও পানীয় অর্ডার করেন। খাওয়া শেষে মনির হোসেন নিজেকে স্থানীয় যুবদল নেতা দাবি করে ডিসকাউন্ট দাবি করেন। পরে তাকে ডিসকাউন্টও দেয়া হয়। তবে তিনি চলে যাওয়ার আগে দেখে নেয়ার হুমকি দিয়ে যান।
হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, মনির হোসেন চলে যাওয়ার পর রাত ৮টা ৪০ মিনিটে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে নিয়ে বারে অনধিকার প্রবেশ করেন লিটন। তিনি নিজেকে মনিরের লোক দাবি করে প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলা এবং ভাংচুর চালান। এসব বিষয় পুলিশকে জানালে আবারো হামলা করা হবে বলে হুমকি দেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রায় দশ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পুলিশ উপপরিদর্শক মো. এমদাদুল বণিক বার্তাকে বলেন, হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা ও ভাংচুরের অভিযোগে করা মামলাটি বর্তমানে তদন্তাধীন।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বণিক বার্তাকে বলেন, মনিরের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। আমরা তদন্ত করছি। সে অপরাধী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এর আগেও যুবদল নেতা মনির খানের বিরুদ্ধে বনানী এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে। গত ২০ জানুয়ারি চাঁদা না দেয়ায় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন খান ও ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তারের নেতৃত্বে মহাখালীর ঐতিহ্যবাহী জল খাবার রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে।
এদিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মনির হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বণিক বার্তাকে বলেন, বনানীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার মধ্য দিয়ে মনির হোসেন ন্যাক্কারজনক কাজ করেছেন। সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে জানানো হবে।