বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নবগঠিত ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী।
আজ সোমবার বিইউএফটির নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, প্রশাসন ও ভবিষ্যৎ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিইউএফটির একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরো জোরদারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রযাত্রা ও বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া বাংলাদেশের টেক্সটাইল, পোশাক ও ফ্যাশন খাতে শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিইউএফটির ভূমিকা আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। এ ক্ষেত্রে কৌশলগত উদ্যোগ গ্রহণ এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।