গাজা ও সুদানের রক্তক্ষয়ী যুদ্ধ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সংঘটিত হত্যাচেষ্টা এবং যুক্তরাষ্ট্রে নারীর গর্ভপাত অধিকার সংকোচন বিষয়ক বিশ্লেষণধর্মী প্রতিবেদনগুলোই এবার পুলিৎজার পেয়েছে। এছাড়াও ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল ইস্যুগুলো নিয়ে তৈরি প্রতিবেদন বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে এ বছর। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস ও বাসস।
সাংবাদিকতায় অবদানের জন্য গতকাল নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে স্বীকৃত এটি।
এ বছর পুরস্কার পেলেন যারা—
ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে পুরস্কৃত হন দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকরা। ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটিকে তাৎক্ষণিকভাবে গুরুত্বসহকারে প্রকাশ করায় তারা এ পুরস্কার পান।
যুক্তরাষ্ট্রের নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা সংকট নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করে প্রো-পাবলিকা। গর্ভস্বাস্থ্যসেবা প্রাপ্তির সংকট ও আইনের ভয়ে চিকিৎসা বিলম্বে প্রসূতি মৃত্যুর ঘটনা তুলে ধরা হয় সেখানে। ২০২২ সালে জর্জিয়ার এক হাসপাতালে ২৮ বছর বয়সী অ্যাম্বার থারম্যানের মৃত্যুর বিষয়টিও সেখানে ছিল। তার মৃত্যুকে কঠোর গর্ভপাত বিরোধী আইনের কারণে বিলম্বিত চিকিৎসার ফল বলে উল্লেখ করা হয়। এসব প্রতিবেদন পাবলিক সার্ভিস রিপোর্টিং বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
আফগান নারী মালিকা। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
কান্দাহার শহরে ২০১৬ সালে সাদাপোশাক পরা পুলিশের হাতে গ্রেফতারের পর নিখোঁজ হওয়া আহমদ রহমানের মা আফগান নারী মালিকা। দ্য নিউ ইয়র্ক টাইমস এক বছরব্যাপী অনুসন্ধান ও ব্যাখ্যামূলক প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার অর্জন করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস অনুসারে, জেনারেল রাজিক কমপক্ষে ৩৫০ জনকে কান্দাহারে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ দেন বা তাতে অংশ নেন।
যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ফেন্টানিল নিয়ন্ত্রণের শিথিলিতা নিয়ে সাহসী অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কার লাভ করেছে রয়টার্স। ইনভেস্টিগেটিভ জার্নালিজম বিভাগে পুলিৎজার জিতে বার্তা সংস্থাটি।
সুদানের চিত্র। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে বিজয়ী হন নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ডেক্লান ওয়ালশ। সুদানের গৃহযুদ্ধ, অবৈধ স্বর্ণ পাচার ও আঞ্চলিক দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন করে তিনি এ স্বীকৃতি পান।
দ্য নিউ ইয়র্কারে প্রকাশিত স্মৃতিনির্ভর ও মানবিক নিবন্ধগুলোর জন্য পুরস্কার পেয়েছেন গাজার কবি মোসাব আবু তোহা। বিচারকরা বলেন, ‘তিনি গাজায় চলমান যুদ্ধের ভয়াবহতা ও দুর্দশাকে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তুলে ধরেছেন।‘ কমেন্টারি বিভাগে তোহা পুলিৎজার পান।
পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটি আশার বার্তা হোক। হোক এক কাহিনি’। উক্তিটি ফিলিস্তিনি কবি রেফাত আলআরির কবিতা থেকে উদ্ধৃত করেন তিনি। ২০২৩ সালে এক ইসরায়েলি হামলায় নিহত হন আলআরি।
ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হন নিউ ইয়র্ক টাইমসের এক আলোকচিত্রী। তার তোলা ছবিটিতে ট্রাম্পের দিকে ছুটে আসা গুলির মুহূর্ত ধরা পড়ে।
পারসিভাল এভারেট। ছবি: নিউইয়র্ক টাইমস
পারসিভাল এভারেটের উপন্যাস ‘জেমস’ শ্রেষ্ঠ কথাসাহিত্যের পুরস্কার পেয়েছে সাহিত্য বিভাগে। বইটি মার্ক টোয়েনের ক্লাসিক ‘হাকলবেরি ফিন’এর আধুনিক ভাবনায় রূপান্তর।
এএফপির ফিলিস্তিনি ফটোগ্রাফাররা ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। গাজা থেকে তোলা তাদের ছবি আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে। পুরস্কার কমিটির ভাষায়, ছবিগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাঝেও গাজার মানুষের চিরন্তন মানবতাকে অসাধারণভাবে তুলে ধরেছে।
ছবি: লিন্সি অ্যাডারিও
ইউক্রেন যুদ্ধ চলাকালে বিরল চোখের ক্যানসারে আক্রান্ত এক ইউক্রেনীয় কিশোরীর জীবন সংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রতিবেদন করার জন্য লিন্সি অ্যাডারিও ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।
পুরস্কারের আয়োজক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ ও বিদেশী শিক্ষার্থীদের গ্রেফতার নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। পুলিৎজার পুরস্কার সাহিত্যে, নাটক ও সঙ্গীতের ক্ষেত্রেও দেয়া হয়ে থাকে।