এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট শুরু হচ্ছে শনিবার

বাংলাদেশের করপোরেট গলফ অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। জলশিড়ি গলফ ক্লাবে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেবেন শীর্ষ করপোরেট নির্বাহী, ব্যবসায়িক নেতা, উদ্যোক্তা, কূটনীতিক এবং দেশের বিশিষ্ট গলফাররা।

টুর্নামেন্ট সামনে রেখে দ্য গলফহাউজের ডিরেক্টর (বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি) কে. বি. এম. নাসিরুজ্জামান বলেন, এক্সিকিউটিভ কাপ এখন আর শুধুমাত্র একটি গলফ টুর্নামেন্ট নয়। এটি এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা বোর্ডরুমের গণ্ডি পেরিয়ে খেলোয়াড়সুলভ মনোভাব, পারস্পরিক সম্পর্ক এবং গলফের প্রতি ভালোবাসার মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পান। এ বছরের আয়োজনে অংশগ্রহণকারী সবাইকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।

গলফহাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, টুর্নামেন্টে প্রতিযোগীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন এবং বিজয়ীদের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ও সম্মাননা প্রদান করা হবে। টুর্নামেন্টজুড়ে থাকবে বিভিন্ন অন-কোর্স এক্সপেরিয়েন্স, ব্র্যান্ড অ্যাক্টিভেশন এবং ইভেন্ট পার্টনারদের বিশেষ আয়োজন।

এক্সিকিউটিভ কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে। এতে টুর্নামেন্টের অংশগ্রহণকারী, আমন্ত্রিত অতিথি, করপোরেট অংশীদার, সরকারি প্রতিনিধি এবং দেশের গলফ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। অনুষ্ঠানে টুর্নামেন্টের বিজয়ীদের সম্মাননা প্রদান করা হবে।

আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে একই সন্ধ্যায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে গলফহাউজ গলফ অ্যাওয়ার্ডস ২০২৬। নতুন এ উদ্যোগের মাধ্যমে গলফের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত ব্যক্তি এবং কৌশলগত অংশীদারদের সম্মানিত করা হবে। গলফহাউজের লক্ষ্য, এই আয়োজনকে ভবিষ্যতে বাংলাদেশের গলফ অঙ্গনের সর্বোচ্চ বার্ষিক সম্মাননায় পরিণত করা।

বাংলাদেশের প্রথম গলফভিত্তিক প্রকাশনা হিসেবে দ্য গলফহাউজ এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, গলফ টুর্নামেন্ট আয়োজন এবং বিভিন্ন কৌশলগত উদ্যোগের মাধ্যমে দেশে গলফের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গলফহাউজ গলফ অ্যাওয়ার্ডসের সূচনা সেই দীর্ঘ যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা গলফে উৎকর্ষকে স্বীকৃতি দেয়া এবং বাংলাদেশের গলফের টেকসই উন্নয়নে প্রতিষ্ঠানটির অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে।

আরও