কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অনিশ্চয়তায় পড়া দুই শিশু ইসরাত ও রোজা মনির পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম খুচরা বিক্রয়প্রতিষ্ঠান স্বপ্ন। পরিবারটির জীবিকা নির্বাহে সহায়তা করতে একটি গাভী উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে পরিবারটি নিয়মিত আয়ের সুযোগ পাবে বলে আশা করছে স্বপ্ন।
গত ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলের পাশে সড়কের পাশে ৫ বছর বয়সী ইসরাত ও তার দেড় বছর বয়সী ছোট বোন রোজা মনিকে একা কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ইসরাতের ভাষ্য অনুযায়ী, চিপস কিনে দেয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে আসেন মা। পরে দুই শিশুকে একা রেখে চলে যান তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে অসহায় অবস্থায় পড়ে তারা।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে শিশু দুটির পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তাদের এক চাচি ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় তিনি শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।
শিশু দুটির এমন পরিস্থিতির খবর জানার পর তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় স্বপ্ন। প্রতিষ্ঠানটির আশা, গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে পরিবারটি নিয়মিত আয় করতে পারবে। পাশাপাশি এ উদ্যোগ শিশু দুটির লালন-পালন ও ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
স্বপ্ন মনে করে, ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। ইসরাত ও রোজা মনির পরিবারের জন্য নেয়া এ উদ্যোগ তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
—বিজ্ঞপ্তি