বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের দিনব্যাপী বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউন হল মুক্তমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে কিউআর কোডের সফল বাস্তবায়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে তিনি স্কুল ব্যাংকিং এর ব্যাপক অবদান ও সুদূরপ্রসারী ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে সিএমএসএমই'র আওতায় নারী উদ্যোক্তা ঋণ অগ্রাধিকার ভিত্তিতে বিতরণেরও নির্দেশ দেন তিনি। কৃষি ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণের এই উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে ব্যাংক পরিচালনায় কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তিনি আহ্বান জানান।
ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের পরিচালক জয়দেব চন্দ্র বণিক, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, পর্ষদ সচিবালয় বিভাগের সচিব ও এসএমই বিভাগের উপমহাব্যবস্থাপক। এ ছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তাসহ সব মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, বিভাগের সব শাখা ব্যবস্থাপক, ২য় কর্মকর্তা ও মাঠকর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি