জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে এ সরবরাহ শুরু হয়।
সামিট জানায়, বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। এদিন দিবাগত রাত ২টার মধ্যে সরবরাহ ধীরে ধীরে বাড়িয়ে পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, এ বর্ধিত গ্যাস সরবরাহ শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য গ্রাহকদের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এবং জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমাতে ভূমিকা রাখবে।
সামিট এলএনজি তাদের টার্মিনাল ও জাতীয় সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সামিট বিশ্বাস করে, বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।