শব্দদূষণ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল সচেতনতামূলক দৌড় ডিইউআরসি টেন কে ২০২৬। ‘রান অ্যাগেইন্সট নয়েজ পল্যুশন’ প্রতিপাদ্যে এটি আয়োজিত হয়েছে গতকাল শনিবার (৩ জানুয়ারি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার খেলার মাঠে শেষ হয় এই দৌড়। এতে ৫ ও ১০ কিলোমিটার—এই দুই ক্যাটাগরিতে সারা দেশ থেকে মোট ২ হাজার দৌড়বিদ অংশ নেন। এতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নানা শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, বাহিনীর সদস্যসহ সিনিয়র-জুনিয়র নারী-পুরুষ, তরুণসহ অগণিত মানুষ! নীল, লাল রঙের আবহে মুখোরিত হয়ে উঠে ভোরের সকাল।
দৌড়ের আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি (ডিইউআরসি)। সহ-আয়োজক হিসেবে রয়েছে পরিবেশ অধিদপ্তর। সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), সহযোগী পার্টনার বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল জিমনেসিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে দেশের বিভিন্ন রানার্স কমিউনিটি ও বিভিন্ন প্রতিষ্ঠান।
ছবি- ডিইউআরসি
শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে বাংলাদেশের বক্সিং চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণা চাকমার ওয়ার্মআপ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান এনডিসির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দৌড়ের কার্যক্রম শুরু হয়। ভোর ৫টা ৫৫ মিনিটে ১০ কিলোমিটার এবং ভোর ৬টায় ৫ কিলোমিটার দৌড় শুরু হয়। ১০ কিলোতে ১ ঘণ্টা ৪০ মিনিটের সময় এবং ৫ কিলোতে ১ ঘণ্টা সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে যারা দৌড় শেষ করেন প্রত্যেকে অর্জন করেছেন আকর্ষণীয় মেডেল, টিশার্ট, কিট ব্যাগ এবং অন্যান্য পুরস্কার। আয়োজনে দুই ক্যাটাগরিতে নারী, পুরুষ এবং সিনির রানার হিসেবে মোট ২৪ জনকে পোডিয়াম প্রাইজ প্রদান করা হয়। বাকি সকলে পেয়েছেন ফিনিশার মেডেল।
দৌড়ের রুটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকা থেকে শুরু হয়ে শহীদ মিনার, ফুলার রোড, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ (ইউ-টার্ন), বসুনিয়া গেট, রাজু ভাস্কর্য (টিএসসি), শাহবাগ থানা (ইউ-টার্ন), ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় (শিক্ষাভবন) (ইউ-টার্ন) হয়ে পুনরায় সুইমিংপুলে এসে শেষ হয়। এই লুপ দুইবার সম্পন্ন করা মানে ১০ কিলোমিটার দৌড় সম্পন্ন হওয়া। আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৪ জন দৌড়বিদকে প্রাইজমানি প্রদান করা হয়। পুরস্কার বিতরণী শুরু হয় সকাল ৭ টা ৪৫ মিনিটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের পরিচালক ফরিদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক সালমা আর্জু, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক জহির রায়হান, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন প্রমুখ।
আয়োজনে উপদেষ্টা হিসেবে ছিলেন সোয়ান গ্রুপের কর্ণধার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ৭৪ বছর বয়স্ক রানার খবীর উদ্দীন খান, অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশের বক্সার চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণা চাকমা, এভারেস্ট জয়ী (সি টু সামিট) ইকরামুল হাসান শাকিল, গেস্ট রানার হিসেবে ছিলেন আল্ট্রা ম্যারাথন রানার লুতফুর রহমান, আয়রনম্যান আরিফুর রহমান বেলাল, ড. এ কে এম সাহেদ রেজা প্রমুখ।