প্রবাসী বাংলাদেশীদের অবদানকে স্বীকৃতি দেয়ার এ উদ্যোগের জন্য ‘দৈনিক বণিক বার্তা’কে আন্তরিক ধন্যবাদ। দ্বিতীয়বারের এ আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির বড় শক্তি। বর্তমানে প্রায় ১ লাখ ৫ হাজার বাংলাদেশী সিঙ্গাপুরের নির্মাণ, মেরিন, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে কাজ করছেন। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর পাশাপাশি পরিবারের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রবাসীদের কল্যাণ, নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। দক্ষতা উন্নয়ন, নতুন শ্রমবাজার অনুসন্ধান, প্রবাসী সেবা সহজীকরণ এবং বিপদগ্রস্ত কর্মীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। অভিবাসন ব্যয় কমিয়ে সর্বোচ্চ ৩ লাখ টাকার মধ্যে আনার লক্ষ্যও রয়েছে।
সিঙ্গাপুরে কর্মরত প্রতিটি সৎ, পরিশ্রমী ও আইন মেনে চলা বাংলাদেশীই একজন রেমিট্যান্স যোদ্ধা। আপনাদের জন্য এমন একটি ‘ওয়ান স্টপ সার্ভিস’ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি থাকবে না। আপনারা শুধু রেমিট্যান্স পাঠাবেন না, দেশে বিনিয়োগ করবেন, উদ্যোক্তা হবেন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন—এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সঞ্চয় দেশের অর্থনীতিতে বিনিয়োগ হলে এর সুফল আরো বড় পরিসরে ছড়িয়ে পড়বে।
প্রবাসীদের প্রতি অনুরোধ—বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাবেন, হুন্ডি থেকে দূরে থাকবেন, স্থানীয় আইন ও কর্মসংস্কৃতিকে সম্মান করবেন এবং নতুন প্রযুক্তি, কারিগরি দক্ষতা ও ভাষাজ্ঞান অর্জন করবেন। আপনাদের শ্রম, ত্যাগ ও অবদান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।