এনভয় টেক্সটাইলস শতভাগ কমপ্লায়েন্সের ভিত্তিতে কাজ করে

কটন টুইল বা স্ট্রিচ টুইল থেকে তৈরি এক ধরনের ফ্যাব্রিকই ডেনিম। সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে থাকা ডেনিম পোশাক প্রস্তুতকারী বাংলাদেশী প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল দেশে প্রথম লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি বা লিড) সনদ অর্জন করে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) গুণগত মান ও পরিবেশবান্ধব বিবেচনায় এ সনদ প্রদান করে। বছরে প্রায় ৫০ মিলিয়ন

কটন টুইল বা স্ট্রিচ টুইল থেকে তৈরি এক ধরনের ফ্যাব্রিকই ডেনিম। সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে থাকা ডেনিম পোশাক প্রস্তুতকারী বাংলাদেশী প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল দেশে প্রথম লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি বা লিড) সনদ অর্জন করে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) গুণগত মান ও পরিবেশবান্ধব বিবেচনায় এ সনদ প্রদান করে। বছরে প্রায় ৫০ মিলিয়ন গজ ডেনিম কাপড় উৎপাদন করা এ কারখানায় ৬ দশমিক ৫ থেকে ১৫ আউন্স ডেনিম ফ্যাব্রিক উৎপাদন হয়। প্রতিদিন প্রায় ৬২ টন সুতা উৎপাদনে সক্ষমতা রয়েছে এ টেক্সটাইলসের। ডেনিম কাপড় উৎপাদনে শীর্ষস্থানীয় কারখানা এনভয় টেক্সটাইলস ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং বাণিজ্যিক উৎপাদন শুরু করে ২০০৮ সালে।

এনভয় গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত করেছে নিজেদের ব্যবসা। প্রতিষ্ঠানটির রফতানির বাজার বিস্তৃত করেছে কম্বোডিয়া, মিসর, জার্মানি, ভারত, ইতালি, কেনিয়া, নেপাল, শ্রীলংকা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে। বৈশ্বিক নামকরা কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠার শুরুতেই। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে হংকংয়ের লি অ্যান্ড ফাং, যুক্তরাষ্ট্রের জর্ডাসি, ওয়ালমার্ট, ক্যালভিন ক্লেইন, ডিজনি ইন্টারন্যাশনাল, ভিএফ, বেল্ক, কোলস, কেনেথ কোল ও রাসেল ব্র্যান্ডস, যুক্তরাজ্যের মার্কস অ্যান্ড স্পেনসার, ডেভেনহ্যামস, নেক্সট ও রিগাটা, ফ্রান্সের সেলিও ও ক্যারিফুর, সুইডেনের এইচঅ্যান্ডএম, বেলজিয়ামের সিঅ্যান্ডএ, স্পেনের জারা ও তুরস্কের টেমা তুরকিয়েসহ বিভিন্ন দেশে।

এনভয় টেক্সটাইলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তুষার ত্রিপাঠি বলেন, ‘আমাদের বিক্রয় প্রবৃদ্ধি ২০২১-২২ অর্থবছরে ছিল প্রায় ৪৩ শতাংশ। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্রান্তিকালেও আমরা নিজেদের প্রমাণ করেছি। আমরা আশা করছি, আগামীতেও ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে যথাযথ ভূমিকা পালন করতে পারব।

এনভয় টেক্সটাইলস শতভাগ কমপ্লায়েন্সের ভিত্তিতে কাজ করে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা তৈরি পোশাক বা টেক্সটাইল কারখানাগুলোর মধ্যে এনভয় টেক্সটাইল অন্যতম। যুক্তরাষ্ট্র, জাপানের সুদাকোমা, যুক্তরাজ্য, বেলজিয়ামে অ্যাটলাস কপকো প্রভৃতি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে মেশিনারিজ আমদানি করে এনভয় টেক্সটাইলস। রোপ ডায়িং টেকনোলজিতে বাংলাদেশে এনভয় টেক্সটাইলসই প্রথম। অন্যদিকে জ্বালানি ও পরিবেশ পরিকল্পনায় বিশ্বে রোল মডেল হয়ে আছে বাংলাদেশের এ কারখানা। 

প্লাটিনাম এলইইডি বা লিড সনদ পাওয়ার মাধ্যমে এনভয় টেক্সটাইল কারখানা বিশ্বের সবচেয়ে পরিবেশসম্মত স্থাপনা হিসেবে নিজেদের পরিচিত করেছে। এ সনদপ্রাপ্তির অর্থ বেশি উৎপাদনশীলতা, পরিবেশের ওপর চাপ কম ও কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার স্থাপনা তৈরি এবং এর সঠিক ব্যবহার। 

জেনারেটর ওয়েস্ট হিটকে কাজে লাগিয়ে বাষ্প পরিচালনা করে এনভয় টেক্সটাইলস। দিনের আলো ব্যবহারের মাধ্যমে চাহিদার চেয়ে প্রায় ৩০ শতাংশ কম জ্বালানিতে কারখানা পরিচালনা করা হয়। ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠিত এনভয় টেক্সটাইলস চত্বরে পরিকল্পিতভাবে বনায়ন করা হয়েছে। ফলে অভ্যন্তরীণ তাপমাত্রা সব সময় সহনীয় থাকে। এছাড়া বনায়নের সঙ্গে প্রাকৃতিক সার ব্যবহার করা হচ্ছে। পানিরও সঠিক ব্যবহার করে প্রতিষ্ঠানটি। পানি চক্রকে সঠিকভাবে কাজে লাগিয়ে বছরে প্রায় ৪০ হাজার কিলো গ্যালন পানির অপচয় কমাচ্ছে। পানি শোধনাগারের পানি ও বৃষ্টির পানি পুনর্ব্যবহারের জন্য একটি বড় লেক তৈরি করেছে তারা। এখানে মাছ চাষসহ পরিষ্কার-পরিচ্ছন্ন কৃষি সেচ ও অগ্নিনির্বাপণের জন্য একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থান হয়েছে দুই হাজারের বেশি মানুষের। কর্মীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া হয় নানা প্রণোদনা। 

কারখানার সংস্কারকাজ শতভাগ সম্পন্ন করায় এনভয় টেক্সটাইলসকে স্বীকৃতি প্রদান করেছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। ফলে উত্তর আমেরিকার দেশগুলোয় অবাধে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। 

শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এনভয় টেক্সটাইলস। প্রতিষ্ঠানটি এর স্বীকৃতিও পেয়েছে বহুবার। বিশেষ করে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে অনেক পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সার্টিফায়েড প্লাটিনাম, রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রণীত জাতীয় পুরস্কার, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড, এইচএসবিসি ব্যাংক এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড, জাতীয় রাজস্ব বোর্ডের সেরা করদাতা প্রতিষ্ঠান, কার্বন পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ (সিপিআই২) ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) লিড গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড।

আরও