চলছে বিয়ের মৌসুম। আর বিয়েতে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করার আকাঙ্ক্ষা সবার। তবে ভালো মেকআপ আর্টিস্টের খরচ অনেকের বাজেটের বাইরে চলে যেতে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখতে কিছু সহজ কৌশল অবলম্বন করলেই দিনটিতে সবচেয়ে সুন্দর সাজে নিজেকে উপস্থাপন করা সম্ভব। চলুন জেনে নিই, কীভাবে কম খরচে সেরা সাজ পেতে পারেন।
১. বিভিন্ন জায়গায় খুঁজে সেরাটা নির্বাচন করুন
ইন্টারনেট ঘাটলেই বোঝা যায়, আজকাল ন্যাচারাল সাজের ট্রেন্ড চলছে। তাই পার্লার বা স্যালন কম জনপ্রিয়। অনেক মেকআপ আর্টিস্টের নিজস্ব সাজানোর স্থান থাকে, যেখানে কনে নিরিবিলি পরিবেশে স্বাচ্ছন্দ্যে সাজাতে পারেন। আর্টিস্ট বাছাইয়ের আগে তাদের রিভিউ ও পোর্টফলিও দেখে নিলে কাজের মান বোঝা সহজ হয়। বিভিন্ন প্যাকেজ ও দামের তুলনা করে বাজেটের মধ্যে সেরা নির্বাচন করুন।
২. বিবেচনায় রাখুন ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট
ফ্রিল্যান্স আর্টিস্টদের খরচ সাধারণত নামিদামি স্যালনের তুলনায় কম। তবে একজন দক্ষ আর্টিস্ট খুঁজে বের করা জরুরি, যিনি আপনার পছন্দ ও বাজেট বুঝে সুন্দরভাবে সাজাবেন। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ডিরেক্টরি বা বন্ধুদের পরামর্শ নিয়ে অভিজ্ঞ ফ্রিল্যান্স আর্টিস্ট খুঁজে পাওয়া যায়।
৩. অপ্রয়োজনীয় সার্ভিস এড়িয়ে চলুন
শুধু সেই সার্ভিসগুলো নির্বাচন করুন যেগুলো আপনার প্রয়োজন। যদি ত্বকে সমস্যা না থাকে এবং আপনি নিজেই বেস মেকআপ করতে পারেন, তাহলে শুধু চোখ ও চুল সাজানোর জন্য আর্টিস্টের সাহায্য নিন। অযথা সার্ভিস না নিলে খরচ কমে।
৪. রেফারেল ও ডিসকাউন্ট খুঁজুন
পরিচিত যারা সম্প্রতি বিয়ে করেছেন, তাদের কাছে জানতে পারেন কোন আর্টিস্ট রেফারেল বা ডিসকাউন্ট দিচ্ছে কিনা। এতে খরচ অনেকটা কমানো সম্ভব।
৫. নিজেই মেকআপ করুন
যদি আপনি নিজেই মেকআপ করতে পারেন, তাহলে আর্টিস্টের খরচ এড়িয়ে যাওয়াই ভালো। অনুশীলনের মাধ্যমে বিভিন্ন টিউটোরিয়াল দেখে, নিজের মেকআপ সামগ্রী ব্যবহার করে সুন্দর লুক তৈরি করা যায়।
৬. প্যাকেজ নিয়ে আলোচনা করুন
আর্টিস্টদের বিভিন্ন বাজেটের প্যাকেজ থাকে। সাজানোর আগে সব প্যাকেজ ও খরচ খুঁটিয়ে দেখে নিন। যাতায়াত খরচ বা কাস্টমাইজেশন সুবিধা আছে কিনা নিশ্চিত হন।
৭. আর্টিস্টের সাজানোর ধরন খুঁজে বের করুন
প্রতিটি আর্টিস্টের নিজস্ব স্টাইল থাকে। কেউ জমকালো সাজ পছন্দ করেন, কেউ ন্যাচারাল লুক। চোখ, ব্লাশ বা হাইলাইটে জোর দেয়ার ধরন ভিন্ন। তাই আগে বুঝে নিন কোন আর্টিস্টের স্টাইল আপনার পছন্দের সঙ্গে মানানসই।
৮. রিভিউ যাচাই করুন
আর্টিস্ট সময়মতো কাজ করেন কি না, পরিচ্ছন্নতা বজায় রাখেন কি না, অভিজ্ঞতা কেমন—এসব জানার জন্য রিভিউ দেখুন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য অনলাইন গ্রুপে রিভিউ পাওয়া যায়।
৯. বাজেট মেলানো
মেকআপ খরচ ভিন্ন ভিন্ন হতে পারে। ৪-৫ হাজার থেকে ২৫-৩০ হাজার পর্যন্ত প্যাকেজ থাকতে পারে। আগে বাজেট ঠিক করে নিলে সঠিক আর্টিস্ট খুঁজে বের করা সহজ হয়।
১০. বাসা ও ভেন্যুর দূরত্ব বিবেচনা করুন
বিয়ের দিন সময়মতো সাজতে ও ভেন্যুতে পৌঁছাতে হলে দূরত্ব গুরুত্বপূর্ণ। প্রয়োজনে হোম সার্ভিসের সুবিধা খোঁজ করুন।
১১. ছবি ও বাস্তবতার মিল যাচাই করুন
আর্টিস্টের সোশ্যাল মিডিয়ার ছবি সবসময় বাস্তব প্রতিফলন নাও হতে পারে। অন্যান্য উৎস থেকে সাজের ছবি দেখা ভালো।
১২. পণ্য ও পরিচ্ছন্নতা
আর্টিস্ট ভালো ব্র্যান্ডের নিরাপদ পণ্য ব্যবহার করছেন কি না এবং পরিচ্ছন্নতা বজায় রাখছেন কি না নিশ্চিত হন। একদিনের সাজ হলেও ত্বকের নিরাপত্তা সবচেয়ে আগে।
সবশেষে, পরিচিতদের সাহায্য নিতে পারেন যারা সম্প্রতি বিয়ে করেছেন। যাদের সাজ পছন্দ হয়েছে, তাদের আর্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন। এভাবে নিজের বিশেষ দিনে নিজেকে সুন্দর ও সঠিকভাবে সাজানোর সুযোগ পাবেন।