নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ফ্যাশন জগতে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চান ফ্যাশন মডেল ও ডিজাইনার ফারহানা কামাল। ছোটবেলা থেকেই ছবি আঁকা, রং নিয়ে কাজ করা ও নতুন কিছু তৈরির প্রতি আগ্রহ তাকে ফ্যাশন ডিজাইনিংয়ের দিকে আকৃষ্ট করেছে। বর্তমানে পড়াশোনার পাশাপাশি মডেলিং করছেন তিনি। ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভিজ্যুয়াল মিডিয়াতেও কাজ করতে চান এ তরুণী।
ফারহানার বেড়ে ওঠা লক্ষ্মীপুর শহরে। স্কুল ও কলেজজীবন কেটেছে সেখানেই। নিজের পছন্দের বিষয়কে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বর্তমানে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছেন তিনি।
ফারহানা বলেন, ‘স্বপ্ন পূরণের পথে পরিবারের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার পথচলায় পরিবার সবসময় পাশে থেকেছে। তাদের সহযোগিতা আমাকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।’
শুরুতে মডেলিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার পরিকল্পনা না থাকলেও আশপাশের মানুষের উৎসাহ ও অনুপ্রেরণায় এ অঙ্গনে যুক্ত হন ফারহানা। ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছে তার। ইতোমধ্যে বিভিন্ন কাজের প্রস্তাবও পাচ্ছেন। তবে নিজের পছন্দ ও পরিকল্পনার সঙ্গে মানানসই কাজ করতে চান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফারহানা বলেন, ‘স্নাতক শেষ করে আমি নিজের একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করতে চাই। বিশেষ আগ্রহ রয়েছে ডেনিম ইন্ডাস্ট্রি নিয়ে। এ খাতে কাজ করে নতুনত্ব ও সৃজনশীলতার সমন্বয়ে নিজস্ব ধারা তৈরি করতে চাই।’
ফ্যাশন ডিজাইনিং ও মডেলিংয়ের পাশাপাশি ভিজ্যুয়াল মিডিয়াতেও নিজের দক্ষতা তুলে ধরতে চান ফারহানা। পড়াশোনা, অভিজ্ঞতা ও পরিশ্রমের মধ্য দিয়ে ফ্যাশন জগতে স্বতন্ত্র অবস্থান গড়ে তোলাই তার লক্ষ্য।