দেশীয় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে ফ্যাশন ডিজাইন ও কোরিওগ্রাফিতে কাজ করছেন গোলাম মর্তুজা আলী অর্ণব। পেশায় আইন অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও ফ্যাশনের প্রতি ভালোবাসা থেকে এ জগতে তার পথচলা। গত ১০ বছর ধরে বাংলাদেশ ও ভারতে কাজ করছেন তিনি। দেশীয় বস্ত্র, ঐতিহ্যবাহী নকশা ও আধুনিকতার মেলবন্ধনে পোশাক তৈরিতে আগ্রহী এ ডিজাইনার।
ফ্যাশনের প্রতি আগ্রহ থেকেই কলকাতার আইএনআইএফডি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন অর্ণব। পাশাপাশি দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও এ বিষয়ে ডিপ্লোমা নেন। এরপর পেশাগতভাবে ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ শুরু করেন তিনি।
নিজের কাজের ধরন সম্পর্কে অর্ণব বলেন, আমি ফিউশনধর্মী নকশা নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার ডিজাইনে হ্যান্ডলুম, কারচুপি ও জারদোসির ব্যবহার উল্লেখযোগ্য। বিশেষ করে কাতান কাপড়ের প্রতি আমার আলাদা ভালো লাগা রয়েছে। সুতা নির্বাচন থেকে শুরু করে পোশাকের নকশা ও নির্মাণের প্রতিটি ধাপে যত্নশীল থাকার চেষ্টা করি। রং, কাপড় ও ফিনিশিংয়ের বিষয়েও সমান গুরুত্ব দিই।
নিজের প্রথম পোশাক তৈরির অভিজ্ঞতা নিয়ে অর্ণব বলেন, তখন আমি সনদপ্রাপ্ত ডিজাইনার ছিলাম না। তবে উন্নতমানের কাপড় নির্বাচন ও রঙের সমন্বয়ের ক্ষেত্রে আমার রুচি প্রশংসিত হয়েছিল। সেই অভিজ্ঞতা পরবর্তী সময়ে আমাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।