কর্মক্ষেত্রে টক্সিক সহকর্মী সামলানোর ৫ কার্যকর উপায়

পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ইতিবাচক মনোভাব কর্মক্ষেত্রকে প্রাণবন্ত ও উৎপাদনশীল করে তোলে। তবে বাস্তবতা হলো, অফিসে সবাই মনের মতো হয় না। কেউ কেউ স্বভাবগতভাবেই অন্যদের জন্য বিরক্তিকর হয়ে ওঠে। করপোরেট অফিসে তাদের পরিচয়—টক্সিক কলিগ

অফিসের সুন্দর পরিবেশ নির্ভর করে সুন্দর মনের সহকর্মীদের ওপর। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ইতিবাচক মনোভাব কর্মক্ষেত্রকে প্রাণবন্ত ও উৎপাদনশীল করে তোলে । তবে বাস্তবতা হলো, অফিসে সবাই মনের মতো হয় না। কেউ কেউ স্বভাবগতভাবেই অন্যদের জন্য বিরক্তিকর হয়ে ওঠে। করপোরেট অফিসে তাদের পরিচয়—টক্সিক কলিগ

এ ধরনের মানুষ তাদের কথা, আচরণ কিংবা মনোভাবের মাধ্যমে ধীরে ধীরে চারপাশের পরিবেশে বিষ ছড়িয়ে দেয়। ফলে কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়ে, কাজের আগ্রহ কমে যায়, এমনকি আত্মবিশ্বাসও নষ্ট হতে পারে। আপনার অফিসেও যদি এমন কোনো টক্সিক সহকর্মী থেকে থাকে, তাহলে কীভাবে সামলাবেন?

ড্রামায় জড়াবেন না

টক্সিক মানুষ সাধারণত অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে বাঁচে। আপনি যত বেশি আবেগ দেখাবেন বা তাদের কথায় প্রতিক্রিয়া জানাবেন, তারা তত বেশি আপনাকে নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে।

তাই চেষ্টা করুন শান্ত থাকতে। পরচর্চা, চিৎকার বা অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবেন না। সংযত ও শান্ত আচরণ আপনার মানসিক পরিপক্বতার পরিচয় দেবে এবং টক্সিক সহকর্মীকে তার প্রত্যাশিত প্রতিক্রিয়া থেকে বঞ্চিত করবে।

সম্পর্কে সীমা টানুন

টক্সিক সহকর্মী থেকে নিজেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো স্পষ্ট সীমারেখা নির্ধারণ করা। প্রয়োজনে ভদ্র কিন্তু দৃঢ়ভাবে ‘না’ বলতে শিখুন। ব্যক্তিগত জীবন বা মানসিক পরিসরে ঢুকতে দেবেন না। কথাবার্তায় পেশাদারিত্ব বজায় রাখুন। এমন কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না, যা সে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে।

সবকিছু নথিভুক্ত রাখুন

যদি কোনো টক্সিক সহকর্মীর আচরণ আপনার কাজের মান, সুনাম বা পেশাগত অবস্থানের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তাহলে বিষয়গুলো হালকাভাবে নেবেন না।

ঘটনা, ইমেইল, মেসেজ বা গুরুত্বপূর্ণ কথোপকথন লিখিতভাবে সংরক্ষণ করুন। ভবিষ্যতে যদি ব্যবস্থাপনা বা এইচআর বিভাগে বিষয়টি জানাতে হয়, তাহলে এসব নথি শক্ত প্রমাণ হিসেবে কাজে আসবে।

অন্যদের সহায়তা নিন

টক্সিক পরিবেশে একা লড়াই করা কঠিন। তাই কাজের বাইরে বিশ্বস্ত বন্ধু, সিনিয়র সহকর্মী বা কোনো পরামর্শদাতার সঙ্গে কথা বলুন।

মানসিক সমর্থন আপনাকে চাপমুক্ত রাখতে সাহায্য করবে। একাকীত্ব টক্সিক আচরণের প্রভাব আরো বাড়িয়ে দেয়। আপনার চারপাশে এমন মানুষ রাখুন, যারা প্রয়োজনে আপনাকে সাহস ও সমর্থন দিতে পারে।

প্রয়োজনে এইচআর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান

যদি টক্সিক সহকর্মীর আচরণ পেশাগত শালীনতা, নৈতিকতা বা প্রতিষ্ঠানের নীতিমালা লঙ্ঘন করে, তাহলে অবশ্যই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা বা মানবসম্পদ বিভাগকে জানান।

তথ্য ও উদাহরণসহ ঘটনাগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করুন। সময়মতো হস্তক্ষেপ অনেক সময় বড় ধরনের সমস্যার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।

সঠিক কৌশল, সচেতনতা ও আত্মসম্মান বজায় রেখে চলতে পারলে টক্সিক পরিবেশের মধ্যেও নিজেকে নিরাপদ ও কার্যকর রাখা সম্ভব। মনে রাখবেন— আপনার মানসিক শান্তি ও পেশাদারিত্বের নিয়ন্ত্রণ আপনার হাতেই।

আরও