অঞ্চলভেদে ম্যারা পিঠার স্বাদের ভিন্নতা

সিলেট, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী জেলাগুলোয় বেশ জনপ্রিয় এই ম্যারা পিঠা। কোনো কোনো স্থানে একে দইল্লা পিঠা, গোটা পিঠা বা ভাপা ছান্নাই নামেও ডাকা হয়

শীত আসতেই ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বাহারি সব পিঠার মধ্যে একেকজনের পছন্দ ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা। তেমনিই জনপ্রিয় এক পিঠার নাম হলো ম্যারা।

সিলেট, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী জেলাগুলোয় বেশ জনপ্রিয় এই ম্যারা পিঠা। কোনো কোনো স্থানে একে দইল্লা পিঠা, গোটা পিঠা বা ভাপা ছান্নাই নামেও ডাকা হয়। ঐতিহ্যবাহী এ পিঠা তৈরির উপকরণও স্বল্প। চলুন জেনে নেয়া যাক রেসিপি-

নোনতা ম্যারা:

উপকরণ: চালের গুড়া, লবণ ও পানি।

প্রণালি

প্রথমে চালের গুড়া সামান্য ভেজে নিন। এবার ভাজা চালের গুড়ার মধ্যে গরম পানি ও লবণ দিয়ে আটা সিদ্ধর মতো হাতে কাই করে নিন। কাইকে বেশ শক্ত হাতে খানিকক্ষণ মথতে হবে। তারপর হাতের তালুতে গোল গোল বা লম্বা করে বিভিন্ন আকৃতি করে ভাপে সিদ্ধ দিন।

এভাবে তৈরি হয় ঐতিহ্যবাহী নোনতা ম্যারা পিঠা। এই পিঠা শুটকি ভর্তা, গুড় বা মাংস দিয়ে পরিবেশন করুন। অনেক এলাকায় লম্বা ফালি করে কেটে তেল, মরিচ, পেঁয়াজ সহযোগে ভেজেও খাওয়া হয়।

চ্যাঁপার পুরে ভরা ম্যারা:

উপকরণ: চালের গুড়া, লবণ, পানি ও চ্যাঁপা ভর্তা।

প্রণালি

আগের মতোই গুড়া সামান্য ভেজে নিতে হবে। এরপর গরম পানি ও লবণ দিয়ে তৈরি করতে হবে কাই। হাতের তালুতে সামান্য কাই নিয়ে বাটির আকৃতি দিয়ে এর ভেতর চ্যাঁপা ভর্তার পুরে দিয়ে গোল গোল বা লম্বা আকৃতি করে পিঠা বানিয়ে নিতে হবে। বানানো পিঠাগুলো ভাপে সিদ্ধ করে নিলেই নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী ম্যারা পিঠা প্রস্তুত।

গুড়-নারকেলের ম্যারা:

উপকরণ: চালের গুড়া, লবণ, পানি, নারকেল ও গুড়।

প্রণালি

চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণমতো পানিতে লবণ, গুড়, নারকেল ও সামান্য তেল মিশিয়ে নিন। পানি ফুটে উঠলে দিয়ে দিন চালের গুঁড়া। চুলার আঁচ কমিয়ে ভালোভাবে নেড়ে চালের গুঁড়া সেদ্ধ করে নিতে হবে।

এবার সেদ্ধ করে নেয়া আটার মিশ্রণ অন্য পাত্রে ঢেলে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। নরম খামির বা ডো তৈরি করে নিন। এবার অল্প অল্প ডো নিয়ে পছন্দমতো আকৃতিতে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো পিঠা তৈরি করে ভাঁপিয়ে নিলেই প্রস্তুত মজাদার ও সুস্বাদু ম্যারা পিঠা।

আরও