ঝটপট ঈদ প্রস্তুতি: ঝড়-বৃষ্টির এ সময়ে কেমন হবে সাজসজ্জা

এমন আবহাওয়ায় নিজেকে ফ্রেশ, গোছানো ও স্বাচ্ছন্দ্যে রাখতে একটু আগেভাগে পরিকল্পনা করা জরুরি। সহজ কিছু প্রস্তুতি নিলেই এমন বৃষ্টি ভেজা ঈদেও ঝটপট প্রস্তুত হয়ে বাইরে বের হওয়া সম্ভব।

ঈদের দিন মানেই আনন্দ, ঘোরাঘুরি আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। তবে অনেক সময় এ আনন্দে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি, ধুলো আর ঝোড়ো বাতাস। হঠাৎ বৃষ্টি, ভেজা রাস্তা কিংবা ঝড়ো বাতাসে সাজগোজ নষ্ট হয়ে যাওয়া— সব মিলিয়ে দিনটা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তাই এমন আবহাওয়ায় নিজেকে ফ্রেশ, গোছানো ও স্বাচ্ছন্দ্যে রাখতে একটু আগেভাগে পরিকল্পনা করা জরুরি। সহজ কিছু প্রস্তুতি নিলেই এমন বৃষ্টি ভেজা ঈদেও ঝটপট প্রস্তুত হয়ে বাইরে বের হওয়া সম্ভব।

এমন বৃষ্টির প্রতিকূল আবহাওয়ায় কাদা আর ঝড়ো-হাওয়ায় মধ্যে ঈদের দিন সকালে দ্রুত ও পরিপাটি হয়ে ঝটপট রেডি হওয়ার কিছু সহজ কৌশল নিয়ে আমাদের আজকের আয়োজন।

নারীদের জন্য টিপস

  • পোশাক: কাদা ও ধুলোবালি থেকে বাঁচতে সুতির বদলে জর্জেট বা সিল্কের পোশাক বেছে নিলে ভালো হবে। এ ধরণের কাপড় দ্রুত শুকায়। তাছাড়া সহজে দাগও লাগে না। আবার বৃষ্টির পানিতে কোনোভাবে ভিজে গেলেও শুকিয়ে যাওয়ার পর কুঁচকে থাকার ভয় থাকে না। ঘেরওয়ালা কামিজের বদলে সেমি লং কুর্তি পরলে চলাফেরা সহজ হবে।

এমন আবহাওয়ার দিনে সেমি লং কুর্তিতে চলাফেরা সহজ হয়

  • জুতা: বৃষ্টির দিনে জুতা নির্বাচনেও সতর্ক থাকা উচিৎ। পিচ্ছিল নয় এমন স্যান্ডেল বা জুতা ব্যবহার করলে ভালো, যাতে কাদা বা ভেজা রাস্তায় হাঁটতে সমস্যা না হয়।
  • মেকআপ ও চুল: বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে ওয়াটারপ্রুফ কাজল ও মাশকারা ব্যবহার করা উচিৎ। বাতাসের ঝাপটায় চুল এলোমেলো হওয়া রুখতে শক্ত করে খোঁপা বা হেয়ার ক্লিপ দিয়ে চুল আটকে স্টাইল করা যযেতে পারে। এতে বৃষ্টিতে ভিজলেও একদিকে যেমন চুলের সেটিং নষ্ট হবে না তেমন আবার ধুলোবালি থেকেও রেহাই মিলবে।

পুরুষদের জন্য টিপস

  • পোশাক ও জুতা: হালকা লিনেন বা সিন্থেটিক মিশ্রিত পাঞ্জাবি পরলে ভালো। কারণ এ ধরণের কাপড়্গুলো দ্রুত শুকায় আর কুঁচকায়ও কম। নিচে পাজামার বদলে গাঢ় রঙের জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট পরা যাতে কাদা লাগলেও তার দাগ বোঝা না যায়। এ সময় চামড়ার জুতা এড়িয়ে রেক্সিন বা রাবারের লোফার বেছে নিলে হাঁটাচলা করতে সুবিধা হবে।
  • গ্রুমিং: ধুলোবালি থেকে চোখ বাঁচাতে সানগ্লাস সঙ্গে রাখা যেতে পারে। তবে বৃষ্টি থাকলে পরার দরকার নেই। চুলে জেল বা ওয়াক্স ব্যবহার করুন যাতে বাতাসের ঝাপটাতেও হেয়ার স্টাইল নষ্ট না হয়।

ঈদের আনন্দ পূর্ণতা পায় নিজের পছন্দের সাজে। তবে প্রকৃতির খামখেয়ালি আচরণ বা বৈরী আবহাওয়া যেন উৎসবের আমেজে ভাটা না ফেলে, সেদিকে খেয়াল রাখাও জরুরি। আর এই বৈরী আবহাওয়ার সঙ্গে মানানসই সঠিক প্রস্তুতি আর কৌশলী সাজগোজই পারে আপনার-আমার ঈদকে আনন্দময় ও দুশ্চিন্তামুক্ত রাখতে। তাই কালকের ঈদে কাদা-বৃষ্টি আর ধুলোবালির ভয় কাটিয়ে উঠে স্মার্টলি নিজেকে সাজিয়ে নিন। ঝটপট এ প্রস্তুতির মাধ্যমে যেমন পরিপাটি থাকা সম্ভব, তেমনি উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করা যাবে পূর্ণ স্বাচ্ছন্দ্যে।

আরও