ঘরে ঢুকতেই চোখে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জামাকাপড়, টেবিলজুড়ে বইপত্রের স্তূপ, চেয়ারে ঝুলছে ব্যাগ, মেঝেতে পড়ে আছে নানা জিনিস, রান্নাঘরের সিঙ্কে না ধোয়া বাসন। এমন দৃশ্য দেখলে অনেকেই ধরে নেন— ঘরের মালিক নিশ্চয়ই অলস বা অগোছালো স্বভাবের। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, অগোছালো ঘর সব সময় আলসেমি বা উদাসীনতার পরিচয় নয়। অনেক ক্ষেত্রে এটি একজন মানুষের মানসিক অবস্থা, ব্যক্তিত্ব, এমনকি সৃজনশীলতারও প্রতিফলন হতে পারে।
বর্তমানে ঘর গোছানো নিয়ে আলাদা একটি শিল্প গড়ে উঠেছে। বই, কর্মশালা, ইউটিউব ভিডিও—সবখানেই পরামর্শ, কীভাবে ঘরকে আরো পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা যায়। তবে বাস্তবতা হলো, সবার কাছে পরিচ্ছন্নতার সংজ্ঞা এক নয়। কেউ নিখুঁতভাবে সাজানো ঘরে স্বস্তি খুঁজে পান, আবার কেউ বিশৃঙ্খলার মধ্যেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ও মনোযোগ নিয়ে কাজ করতে পারেন।
তবে যদি কোনো ব্যক্তি আগে নিয়মিত ঘর গোছাতেন, অথচ হঠাৎ করেই সবকিছু অগোছালো হয়ে যায় এবং সেই পরিবেশ নিজেকেই অস্বস্তিতে ফেলে, তাহলে সেটি মানসিক সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিষণ্নতায় আক্রান্ত অনেক মানুষের জন্য দৈনন্দিন গৃহস্থালির কাজও কঠিন হয়ে পড়ে। ক্লান্তি, হতাশা ও মনোযোগের অভাবে ঘর গুছিয়ে রাখার শক্তি বা আগ্রহ থাকে না। কোথা থেকে শুরু করবেন, সেটিই অনেক সময় বুঝে উঠতে পারেন না।
অগোছালো পরিবেশ যে সব সময় নেতিবাচক, গবেষণাও তা বলছে না। যুক্তরাষ্ট্রের গবেষক ক্যাথলিন ভোহসের এক গবেষণায় দেখা গেছে, এলোমেলো পরিবেশে থাকা অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশে থাকা মানুষের তুলনায় বেশি নতুন ও সৃজনশীল ধারণা দিতে পেরেছেন
অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ কিংবা জীবনের নানা জটিলতাও মানুষকে অগোছালো পরিবেশে ঠেলে দিতে পারে। তখন এলোমেলো ঘরটি শুধু একটি বাসস্থান নয়, বরং ভেতরের অস্থিরতার প্রতিফলন হয়ে ওঠে।
অবশ্য অগোছালো মানেই যে মানসিক সমস্যা, এমন ধারণাও সঠিক নয়। অনেকের কাছে এটি স্বাভাবিক জীবনযাপনের অংশ। মনোবিজ্ঞানে যাদের ‘টাইপ বি’ ব্যক্তিত্ব বলা হয়, তারা তুলনামূলক বেশি স্বতঃস্ফূর্ত, সৃজনশীল ও চাপমুক্ত জীবন পছন্দ করেন। তাদের কাছে কিছুটা বিশৃঙ্খলা কোনো সমস্যা নয়। এমনকি এডিএইচডি বা অটিজমের মতো নিউরোডাইভার্জেন্ট বৈশিষ্ট্য থাকলেও অনেকের পক্ষে ঘর গুছিয়ে রাখা কঠিন হতে পারে।
অগোছালো পরিবেশ যে সব সময় নেতিবাচক, গবেষণাও তা বলছে না। যুক্তরাষ্ট্রের গবেষক ক্যাথলিন ভোহসের এক গবেষণায় দেখা গেছে, এলোমেলো পরিবেশে থাকা অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশে থাকা মানুষের তুলনায় বেশি নতুন ও সৃজনশীল ধারণা দিতে পেরেছেন। গবেষকদের মতে, অতিরিক্ত নিয়মের চাপ না থাকলে অনেকেই প্রচলিত চিন্তার বাইরে ভাবতে পারেন।
তবে এর অর্থ এই নয় যে বিশৃঙ্খলাই সৃজনশীলতার একমাত্র শর্ত। পরবর্তী কয়েকটি গবেষণায় একই ফল পাওয়া যায়নি। ফলে বিশেষজ্ঞরা বলছেন, এটি ব্যক্তিভেদে ভিন্ন। কেউ পরিপাটি পরিবেশে সবচেয়ে ভালো কাজ করেন, আবার কেউ অগোছালো পরিবেশেই নিজের সেরাটা দিতে পারেন।
... প্রশ্নটি আসলে ঘর কতটা এলোমেলো, সেটি নয়; বরং সেই পরিবেশে আপনি কেমন অনুভব করছেন
অন্যদিকে দীর্ঘদিনের অগোছালো পরিবেশ মানসিক চাপও বাড়াতে পারে। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিস খুঁজে না পাওয়া, কাজের চাপ বেড়ে যাওয়া কিংবা নিজের ঘরেই অস্বস্তি অনুভব করা—এসবই ধীরে ধীরে মানসিক সুস্থতায় প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, বিশৃঙ্খল পরিবেশ মানুষের জীবনসন্তুষ্টিও কমিয়ে দিতে পারে।
তাই প্রশ্নটি আসলে ঘর কতটা এলোমেলো, সেটি নয়; বরং সেই পরিবেশে আপনি কেমন অনুভব করছেন। যদি অগোছালো পরিবেশ আপনার দৈনন্দিন জীবন ব্যাহত করে, মানসিক চাপ বাড়ায় বা এটি হঠাৎ করেই নতুনভাবে দেখা দেয়, তাহলে বিষয়টিকে গুরুত্ব দেয়া প্রয়োজন। আর যদি কিছুটা বিশৃঙ্খলার মধ্যেই আপনি স্বাভাবিক, উৎপাদনশীল ও স্বাচ্ছন্দ্যবোধ করেন, তবে সেটি হয়তো আপনার ব্যক্তিত্বেরই অংশ।
একটি ঘর অনেক সময় মানুষের মনের আয়না। তবে সেই আয়নায় সব সময় একই ছবি ভেসে ওঠে না। কখনো সেখানে থাকে ক্লান্তি, কখনো সৃজনশীলতা, কখনো ব্যস্ত জীবনের বাস্তবতা। তাই এলোমেলো ঘর দেখেই মানুষকে বিচার না করে, তার পেছনের গল্পটি বোঝার চেষ্টা করাই সবচেয়ে মানবিক দৃষ্টিভঙ্গি। কারণ অনেক সময় ঘর গুছানোর চেয়েও মনটাকে একটু গুছিয়ে নেয়া বেশি জরুরি হয়ে পড়ে।
ভেরি ওয়েল মাইন্ড অবলম্বনে