ওজন কমাতে ওষুধের ব্যবহার বাড়ছে। তবে ওজন কমার সঙ্গে সঙ্গে কারো কারো মুখের ত্বক ঢিলে হয়ে ঝুলে যেতে পারে, দেখা দিতে পারে বয়সের ছাপ। শরীরের ওজন কমলেও ত্বকের এমন পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে অনেকের মধ্যে। আর সেই উদ্বেগই প্রভাব ফেলছে সৌন্দর্যচর্চা ও ত্বকের যত্নের পণ্যের বাজারে। খবর বিবিসি।
বিশ্বখ্যাত প্রসাধন সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লরিয়েল জানিয়েছে, ওজন কমানোর ওষুধের ব্যবহার সম্প্রতি বিউটি ও স্কিনকেয়ার পণ্যের বিক্রিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। লরিয়েলের প্রধান নির্বাহী নিকোলাস হিয়ারোনিমাস বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, বিশ্ববাজার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও সৌন্দর্য পণ্যের চাহিদা অব্যাহত রয়েছে। তবে মানুষের ত্বকের চাহিদা এখন বদলাচ্ছে।
হঠাৎ অনেক ওজন কমে গেলে ত্বকের নিচের ফ্যাট লেয়ার বা চর্বির স্তর কমে যায়। ফলে বিশেষ করে মুখের ত্বক ঢিলে হয়ে ঝুলে পড়ে। এটি কোনো ওষুধের সরাসরি পার্শ্বপ্রতিক্রিয়া না হলেও দ্রুত ওজন কমানের স্বাভাবিক ফল। তাই মেবেলিন ও লা রোশে-পোশের মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক লরিয়েলও এ সংকটকে এক নতুন ব্যবসায়িক সুযোগ হিসেবে গ্রহণ করেছে।
প্রতিষ্ঠানটি এখন বিশেষ কিছু পণ্য তৈরি করছে, যা দ্রুত ওজন কমানোর কারণে ত্বকের ঝুলে পড়া রোধে সাহায্য করবে। লরিয়েলের অধীনস্থ স্কিনস্যুটিক্যালস ও কিহলসের মতো ব্র্যান্ডগুলো এমন সব বিউটি প্রডাক্ট বাজারজাত করছে, যা ওজন কমানোর ওষুধ ব্যবহারকারীদের ত্বকের সতেজতা ও টানটান ভাব ধরে রাখার কাজ একসঙ্গে করবে।
ব্যবসায়িক এই পরিবর্তনকে আরো জোরদার করতে সম্প্রতি চর্মরোগ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যাল্ডারমার ২০ শতাংশ শেয়ার কিনেছে লরিয়েল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, দুই প্রতিষ্ঠানই দ্রুত ওজন কমার পর ত্বক ঢিলে হয়ে যাওয়ার উদ্বেগে থাকা ওষুধ ব্যবহারকারীদের নিয়ে পৃথকভাবে পণ্যের কার্যকারিতা যাচাই করছে।
গ্যাল্ডারমার জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে স্কাল্পট্রা, যা ত্বকে কোলাজেন তৈরিতে উদ্দীপনা জোগানোর জন্য ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। প্রতিষ্ঠানটির আরেকটি পণ্য রেস্টিলেন, যা ত্বকের নিচে প্রয়োগ করা হয়। গত বছর গ্যাল্ডারমা ওজন কমানোর ওষুধের ব্যবহার বৃদ্ধি এবং এর সঙ্গে মুখের চেহারায় পরিবর্তন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিষ্ঠানটির নিজস্ব জরিপে দেখা গেছে, ওজন কমানোর ওষুধ ব্যবহারকারীদের বড় অংশই ওষুধ ব্যবহারের পর মুখের চেহারায় পরিবর্তন লক্ষ করেছেন।