চালের গুঁড়োর হালুয়া: ঘরোয়া তবারকির সহজ রেসিপি

শবে বরাত মুসলমানদের কাছে ইবাদত ও আত্মশুদ্ধির রাত। এ রাতে ঘরে ঘরে তবারকি প্রস্তুতের একটি প্রচলিত সংস্কৃতি রয়েছে। সহজলভ্য উপকরণে তৈরি, স্বাস্থ্যসম্মত ও স্বাদের দিক থেকে পরিপূর্ণ হওয়ায় চালের গুঁড়ার হালুয়া শবে বরাতের তবারকি হিসেবে বেশ জনপ্রিয়।

প্রয়োজনীয় উপকরণ

চালের গুঁড়া ১ কাপ
আখের গুড় আধা কাপ বা চিনি ৩/৪ কাপ (স্বাদ অনুযায়ী কমবেশি)
দুধ ২ কাপ
নারকেল কোরা আধা কাপ
ঘি ৩ টেবিল চামচ
এলাচ গুঁড়া আধা চা চামচ
লবণ এক চিমটি

প্রস্তুত প্রণালি

  • কড়াইয়ে মাঝারি আঁচে ১ টেবিল চামচ ঘি গরম করে চালের গুঁড়া হালকা ভেজে নিন। রং পরিবর্তন না হয়ে শুধু সুগন্ধ বের হওয়াই যথেষ্ট।
  • এবার কোরানো নারকেল যোগ করে ২-৩ মিনিট নেড়ে নিন, যাতে নারকেলের কাঁচা ভাব দূর হয়।
  • আলাদা পাত্রে দুধ গরম করে ধীরে ধীরে কড়াইয়ে ঢালুন। একটানা নেড়েচেড়ে মিশ্রণ মসৃণ করুন।
  • মিশ্রণ ঘন হতে শুরু করলে গলানো গুড় ও এক চিমটি লবণ দিন।
  • কম আঁচে নেড়ে নেড়ে রান্না করুন, যতক্ষণ না হালুয়া কড়াইয়ের গা ছেড়ে আসে।
  • শেষে এলাচ গুঁড়া ছড়িয়ে ও বাকি ঘি মিশিয়ে নামিয়ে নিন।

চালের গুঁড়ার এ হালুয়া গরম গরম পরিবেশন করা যায়। চাইলে ওপরে সামান্য নারকেল কুঁচি, ড্রাই ফ্রুটস বা অতিরিক্ত ঘি ছড়িয়ে দেয়া যেতে পারে।

আরও