স্মৃতিশক্তি ধরে রাখতে ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই নিয়মিত ওমেগা-৩ সাপ্লিমেন্ট খেয়ে থাকেন। কিন্তু নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, এসব সাপ্লিমেন্ট গ্রহণে স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। এমনকি সাপ্লিমেন্ট গ্রহণকারীদের মস্তিষ্কে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও তাতে প্রত্যাশিত সুফল মেলেনি।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকেরা ৫৫ থেকে ৮০ বছর বয়সী ৩৬৫ জনকে নিয়ে এ পরীক্ষা চালান। তাদের সবার শরীরে ওমেগা-৩-এর মাত্রা ছিল কম এবং ডিমেনশিয়ার ঝুঁকি ছিল। অংশগ্রহণকারীদের একটি দল প্রতিদিন ২ হাজার মিলিগ্রাম ডিএইচএ সাপ্লিমেন্ট গ্রহণ করে। অন্য দলকে দেয়া হয় নিষ্ক্রিয় সাপ্লিমেন্ট। দুই দলই ২৪ মাস ধরে ভিটামিন বি-কমপ্লেক্স গ্রহণ করে।
পরীক্ষায় সাপ্লিমেন্ট গ্রহণকারীদের রক্তে ওমেগা-৩-এর মাত্রা ৪ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ১১ শতাংশ হয়। মস্তিষ্কের চারপাশের তরলে ডিএইচএর মাত্রাও ছয় মাসে গড়ে ১৭ শতাংশ বাড়ে। কিন্তু তাদের স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির কোনো উন্নতি দেখা যায়নি। এমনকি মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ মস্তিষ্কের হিপোক্যাম্পাসের আকারেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
গবেষণাটির প্রধান লেখক হুসেইন ইয়াসিনের মতে, শুধু ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর আশা করা ঠিক নয়। বরং নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দেয়া আরো বেশি জরুরি।
ওমেগা-৩ শরীরের জন্য অবশ্য প্রয়োজনীয়। মাছের তেলে থাকা ইপিএ প্রদাহ নিয়ন্ত্রণ ও হৃদ্স্বাস্থ্যে ভূমিকা রাখে। ডিএইচএ মস্তিষ্ক, চোখ ও স্নায়ুতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান। স্যামন, সার্ডিন ও ম্যাকেরেলের মতো চর্বিযুক্ত মাছ ছাড়াও আখরোট, চিয়া ও তিসির বীজ থেকে ওমেগা-৩ পাওয়া যায়।
গবেষকরা বলছেন, মাছ খেলে শুধু ওমেগা-৩ নয়, প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজও পাওয়া যায়। তবে খাবারের পাশাপাশি সামগ্রিক জীবনযাপনও গুরুত্বপূর্ণ। নিয়মিত ফাস্টফুড খাওয়া, ব্যায়াম না করা ও দীর্ঘ সময় মানসিক চাপে থাকার মধ্যে শুধু সাপ্লিমেন্ট যোগ করলে প্রত্যাশিত ফল নাও মিলতে পারে।
চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটের ইবায়োমেডিসিন-এ প্রকাশিত এ গবেষণার ফল ওমেগা-৩ নিয়ে আগের সব গবেষণার সিদ্ধান্তকে নাকচ করে না। গবেষকরা বলছেন, মস্তিষ্কের সুস্থতার জন্য ওমেগা-৩ গুরুত্বপূর্ণ হলেও স্মৃতিশক্তি ধরে রাখতে শুধু সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে স্বাস্থ্যকর জীবনযাপনে গুরুত্ব দেয়া প্রয়োজন।
—সিএনএন