রূপচর্চায় শামুকের নির্যাস: হুজুগ নাকি বিজ্ঞান?

শামুকের পিঠ থেকে নিঃসৃত রসটি অত্যন্ত আর্দ্রতাযুক্ত ও জীবাণুনাশক। এ রসটিই রূপচর্চা শিল্পের প্রধান আকর্ষণ, যা ত্বকের ওপর একটি সুরক্ষাকবচ তৈরি করে সংক্রমণ রোধ করে। এমনকি চিকিৎসাবিজ্ঞানেও ক্ষত নিরাময়, গ্যাস্ট্রিক আলসার এবং অস্ত্রোপচার পরবর্তী ইনফেকশন দূর করতে মিউসিনের ব্যবহার রয়েছে

ধীরগতিতে এগিয়ে যেতে যেতে শামুক তার পেছনে ফেলে যায় এক ধরনের স্বচ্ছ ও আঠালো রস। খালি চোখে একে নিছক পিচ্ছিল পদার্থ মনে হলেও, বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘স্নেইল মিউসিন’। শত শত বছর ধরে এ বিশেষ রস বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

স্নেইল মিউসিন আসলে কী?

শামুকের শরীর থেকে নিঃসৃত শ্লেষ্মাজাতীয় পদার্থই হলো স্নেইল মিউসিন। মজার ব্যাপার হলো, শামুক ভিন্ন ভিন্ন প্রয়োজনে ভিন্ন ভিন্ন ধরনের মিউসিন তৈরি করে। যেমন—পায়ের অংশ থেকে যে রস নিঃসৃত হয়, তা শামুককে পিচ্ছিল পথে চলতে এবং যেকোনো তলে আটকে থাকতে সাহায্য করে। অন্যদিকে, শামুকের পিঠ থেকে নিঃসৃত রসটি অত্যন্ত আর্দ্রতাযুক্ত ও জীবাণুনাশক। এ রসটিই রূপচর্চা শিল্পের প্রধান আকর্ষণ, যা ত্বকের ওপর একটি সুরক্ষাকবচ তৈরি করে সংক্রমণ রোধ করে। এমনকি চিকিৎসাবিজ্ঞানেও ক্ষত নিরাময়, গ্যাস্ট্রিক আলসার এবং অস্ত্রোপচার পরবর্তী ইনফেকশন দূর করতে মিউসিনের ব্যবহার রয়েছে।

শামুকের লালার গুণাগুণ প্রাচীনকাল থেকে পরিচিত। তবে ১৯৮০-র দশকে এটি নতুন করে আলোচনায় আসে। ফ্রান্সে শামুক রফতানি করতেন চিলির এক খামারি। একদিন তিনি লক্ষ করেন, শামুক নাড়াচাড়া করার ফলে তার হাতের চামড়া অত্যন্ত কোমল হয়ে গেছে, সেইসঙ্গে ছোটখাটো ক্ষত দ্রুত সেরে যাচ্ছে। সে পর্যবেক্ষণ থেকেই বর্তমানে বিশ্বজুড়ে স্কিন কেয়ার কোম্পানিগুলো প্রদাহ কমাতে এবং বার্ধক্যরোধী পণ্য হিসেবে শামুকের মিউসিন বাজারজাত করছে। গবেষণায় দেখা যায়, শামুকের লালায় ভিটামিন, প্রোটিন, গ্লাইকোলিক অ্যাসিড, কোলাজেন এবং ইলাস্টিনের মতো উপাদান রয়েছে, যা প্রসাধনী শিল্পের জন্য অত্যন্ত মূল্যবান।

ত্বকের জন্য কতটা কার্যকর?

গবেষণা বলছে, স্নেইল মিউসিনের ময়েশ্চারাইজিং ও সুরক্ষামূলক গুণাবলি ত্বকের জন্য উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর করতে, অসম গায়ের রঙ ঠিক করতে এবং ঝুলে যাওয়া চামড়া টানটান করতে সাহায্য করে। এটি ত্বকের পুনর্গঠনের পাশাপাশি ক্ষতিকারক ‘ফ্রি র‍্যাডিক্যাল’ থেকে ত্বককে বাঁচায়। এছাড়া এটি মেলানোমার মতো বিপজ্জনক স্কিন ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দিতে পারে।

ব্রণের চিকিৎসায় মিউসিন

তৈলাক্ত ত্বক ও ব্রণের সমস্যায় স্নেইল মিউসিন কার্যকর হতে পারে। ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এটি ব্রণ সৃষ্টিকারী প্রধান ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তবে মানুষের ত্বকে এর সরাসরি প্রভাব নিয়ে আরো বিস্তৃত গবেষণার অবকাশ রয়েছে।

তবে শামুকের মিউসিন সংগ্রহের পদ্ধতি নিয়ে কিছু বিতর্ক রয়েছে। বিশেষ ধরনের সুরক্ষামূলক মিউসিন তৈরির জন্য শামুককে কিছুটা ‘মানসিক চাপে’ রাখতে হয়। অনেক ক্ষেত্রে শামুককে কাঠি দিয়ে খোঁচানো হয় বা সামান্য সোডিয়াম ক্লোরাইড স্প্রে করা হয় যাতে তারা চাপের মুখে মিউসিন নিঃসরণ করে। কিছু ক্ষেত্রে পদ্ধতিটি বেশ নির্দয়। অনেক সময় শামুকের খোলস ভেঙে শরীর আলাদা করে ঠান্ডা পানিতে ধুয়ে মিউসিন সংগ্রহ করা হয়। তাই ক্রুয়েল্টি-ফ্রি পণ্যের ব্যাপারে সচেতনতা জরুরি।

সিএনএন অবলম্বনে

আরও