গবেষণার তথ্য

অতিরিক্ত গরম পানীয় ক্যানসারের ঝুঁকি বাড়ায়

ইষদুষ্ণ বা সহনীয় গরম পানীয়ের তুলনায় অতিরিক্ত গরম পানীয় পানকারীদের খাদ্যনালির ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ নামের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় তিন গুণ বেশি। আবার পানীয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার পরও দিনে ছয় কাপ বা তার বেশি গরম পানীয় পানকারীদের ক্ষেত্রে এ ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় ৭১ শতাংশ বেশি

রোজকার ব্যস্ততায় মন চাঙ্গা করার অন্যতম সহজ উপায়—ধোঁয়া ওঠা এক কাপ গরম চা বা কফি। কিন্তু পেয়ালা হাতে চুমুক দেয়ার আগে একটু ভেবে দেখা প্রয়োজন; পানীয়টি অতিরিক্ত গরম নয় তো? সম্প্রতি আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সাময়িকী ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যানসার-এ প্রকাশিত এক গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, অতিরিক্ত গরম পানীয় পান করার অভ্যাস খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি তিন গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির পপুলেশন হেলথ ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ পুষ্টি মহামারি বিশেষজ্ঞ ড. ক্যারোন পাপিয়ারের নেতৃত্বে গবেষণাটি সম্পন্ন হয়। যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ ৮০ হাজার মানুষের ১৪ বছরের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত পৌঁছেছেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, খুব গরম পানীয় পান করার সঙ্গে খাদ্যনালির ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ নামের এক ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে। ইষদুষ্ণ বা সহনীয় গরম পানীয়ের তুলনায় অতিরিক্ত গরম পানীয় পানকারীদের এ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় তিন গুণ বেশি। আবার পানীয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার পরও দিনে ছয় কাপ বা তার বেশি গরম পানীয় পানকারীদের ক্ষেত্রে এ ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় ৭১ শতাংশ বেশি পাওয়া গেছে।

গবেষকদের ধারণা, অতিরিক্ত গরম পানীয় গলার ভেতর দিয়ে নামার সময় খাদ্যনালির সূক্ষ্ম কোষগুলোয় থার্মাল ইনজুরি তৈরি করে। কোষগুলো ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হয়ে একসময় তা ক্যানসারের রূপ নিতে পারে।

ক্যানসার রিসার্চ ইউকের স্বাস্থ্য তথ্য বিভাগের প্রধান ফিওনা ওসগান জানান, কাপের গরম পানীয় কখন পানের উপযোগী হবে সেটির নির্দিষ্ট সময়সীমা বাঁধা কঠিন। তবে তার্মাল ইনজুরি রোধে ধোঁয়া ওঠা পানীয় কিছুটা ঠান্ডা হতে দেয়া উচিত। যাতে গিলে নেয়ার সময় তা অস্বস্তিকর মনে না হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ—চা বা কফি মগে ঢেলে সঙ্গে সঙ্গে পান না করে সামান্য ঠান্ডা হতে দিলেই এ ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। সূত্র-গার্ডিয়ান

আরও