সম্পর্কে ভালোবাসা যতটা গুরুত্বপূর্ণ, টাকা-পয়সার ব্যবস্থাপনাও ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিয়ের আগে আয়-ব্যয় নিয়ে আলোচনা, কার কত সঞ্চয়, কে কত খরচ করবেন, যৌথ ব্যাংক হিসাব থাকবে কিনা—এসব প্রশ্ন এখন অনেক দম্পতির সম্পর্কের অংশ।
একসময় বিয়ে মানেই ছিল দুজনের জীবন ও সম্পদকে একসঙ্গে মেলানো। কিন্তু সময়ের সঙ্গে সে ধারণায় পরিবর্তন এসেছে। এখন অনেকেই বিয়ের আগেই নিজের আয়, সঞ্চয়, ঋণ, সম্পদ ও ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে চান। কেউ আবার সংসারের খরচের জন্য যৌথ হিসাব রাখার পাশাপাশি নিজের জন্য আলাদা ব্যাংক হিসাবও রাখতে চান।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ালেটহাব’র একটি সাম্প্রতিক জরিপ বলছে, আধুনিক সম্পর্কগুলোয় অর্থনৈতিক সামঞ্জস্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জরিপে অংশ নেয়া মানুষের বড় একটি অংশ মনে করেন, বিয়ের আগে আর্থিক বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা সম্পর্ককে বরং শক্তিশালী করতে পারে। এমনকি অনেকেই মনে করেন, বিয়ের আগে সম্পদ ও দায়দেনা নিয়ে লিখিত চুক্তি করাও সম্পর্কের জন্য ইতিবাচক হতে পারে।
এ ধরনের চুক্তিকে বলা হয় প্রিনাপশিয়াল অ্যাগ্রিমেন্ট বা সংক্ষেপে ‘প্রেনাপ’। বিয়ের আগে দুজনের সম্পদ, ঋণ ও ভবিষ্যৎ আর্থিক অধিকার কীভাবে পরিচালিত হবে, তার কিছু বিষয় এতে নির্ধারণ করা যায়। বাংলাদেশে এ ধরনের চুক্তি এখনো খুব প্রচলিত নয়। তবে সম্পদ, ব্যবসা, উত্তরাধিকার ও ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের আলোচনাও ভবিষ্যতে গুরুত্ব পেতে পারে।
সম্পর্কে আর্থিক স্বচ্ছতার পাশাপাশি ব্যক্তিগত আর্থিক স্বাধীনতার বিষয়টিও সামনে আসছে। জরিপের তথ্যানুযায়ী, উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এমন ব্যাংক হিসাব রাখেন, যার বিষয়ে তাদের সঙ্গী জানেন না। তবে বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত হিসাব থাকা আর সঙ্গীর কাছ থেকে অর্থনৈতিক সঙ্গতি গোপন করা এক বিষয় নয়। নিজের কিছু অর্থ আলাদা করে রাখা ব্যক্তিগত স্বাধীনতার অংশ হতে পারে, কিন্তু সংসারের প্রয়োজনীয় খরচের অর্থ গোপন করা বা সঙ্গীর অজান্তে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেয়া সম্পর্কের জন্য সমস্যার কারণ হতে পারে।
দাম্পত্যে অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে তাই পুরোপুরি যৌথ কিংবা পুরোপুরি আলাদা—এ দুই মডেলের বাইরে একটি মধ্যপন্থাও জনপ্রিয় হচ্ছে। বাসা ভাড়া, খাবার, চিকিৎসা, সন্তানদের শিক্ষা, জরুরি খরচসহ যৌথ ব্যয়ের জন্য একটি হিসাব থাকবে। পাশাপাশি দুজনেরই নিজস্ব কিছু অর্থ থাকবে, যা তারা নিজেদের প্রয়োজন বা পছন্দ অনুযায়ী খরচ করতে পারবেন।
বাংলাদেশের বাস্তবতায়ও মডেলটি প্রাসঙ্গিক হতে পারে। বিশেষ করে স্বামী-স্ত্রী দুজনই আয় করলে সংসারের খরচ কে কতটা বহন করবেন, সঞ্চয় কীভাবে হবে, বাবা-মায়ের জন্য আর্থিক সহায়তা, ব্যক্তিগত খরচ, ঋণ পরিশোধ কিংবা ভবিষ্যতে বাড়ি-গাড়ি কেনার মতো বড় সিদ্ধান্ত—এসব বিষয় আগেই পরিষ্কার করা গেলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব।
অর্থ নিয়ে মতবিরোধ যে সম্পর্কের ওপর বড় চাপ তৈরি করতে পারে, সেটিও জরিপে স্পষ্ট হয়েছে। অনেক মানুষ রাজনৈতিক মতবিরোধের চেয়েও আর্থিক মতবিরোধকে সম্পর্কের জন্য বেশি ক্ষতিকর বলে মনে করেন। কারণ রাজনীতি নিয়ে মতপার্থক্য অনেক সময় ব্যক্তিগত জীবনে সরাসরি প্রভাব ফেলে না। কিন্তু টাকা-পয়সা নিয়ে সিদ্ধান্ত প্রতিদিনের জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত।
তাই সম্পর্কের শুরুতেই আয়-ব্যয়ের হিসাব নিয়ে কথা বলা অস্বস্তিকর হলেও বিষয়টি নিয়ে আলোচনা করে নেয়া ভালো। মাসের শুরুতে বা বেতন পাওয়ার পর দুজন মিলে বসে সংসারের আয়-ব্যয়, সঞ্চয় ও আসন্ন খরচ পর্যালোচনা করা যেতে পারে। এতে হঠাৎ কোনো খরচ নিয়ে একজন আরেকজনের কাছে জবাবদিহির পরিস্থিতিতেও পড়বেন না।
সবশেষে, সম্পর্কের অর্থনীতি শুধু ব্যাংক হিসাব বা মাসিক বাজেটের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস, স্বচ্ছতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং ভবিষ্যৎ নিয়ে দুজনের যৌথ পরিকল্পনা।