অনেকেই ভাবেন, ক্যাকটাস মানেই কাঁটায় ভরা গাছ। কিন্তু এমন অনেক ক্যাকটাস রয়েছে, যাতে কাঁটার পাশাপাশি মনোমুগ্ধকর ফুলও ধরে।
শীতে অনেকেই ছাদে, বারান্দায় বা বাগানে রঙিন ফুলের গাছ করেন। রঙিন ফুল ফোটাতে এবার বিবেচনায় রাখতে পারেন ক্যকটাসের কথাও।
বানি ইয়ারস ক্যাকটাস
দেখতে খরগোশের কানের মতো বলে এর নাম বানি ইয়ারস। এই ক্যাকটাস দৈর্ঘ্যে বাড়ে দুই থেকে তিন ফুট পর্যন্ত। সাধারণত এতে সাদা ফুল ফোটে। তবে ভাল সূর্যের আলো পেলে গাছে বেগুনি রঙের ফুলও ধরে।
চীনা ক্যাকটাস
চীনা ক্যাকটাসে সাধারণ গোলাপি ফুল ফোটে। তবে সব চিনা ক্যাকটাস একরকম নয়। কোনো গাছ ছায়ায় ভাল বাড়ে, আবার কোনোটির রোদের দরকার হয়। কেনার সময় তাই নার্সারিতে জিজ্ঞাসা করে নিতে হবে কোনটি কোন ধরনের ক্যাকটাস।
সাগুয়ারো ক্যাকটাস
সাগুয়ারো ক্যাকটাস অবশ্য ঘরের জন্য নয়। বাগানে পুঁততে হবে এ গাছ। কারণ, এর উচ্চতা পৌঁছতে পারে চল্লিশ ফুট পর্যন্ত। আর এটি বাড়েও খুবই ধীর গতিতে।
ওল্ড লেডি ক্যাকটাস
নামে ‘বৃদ্ধা’ হলেও গাছে ফুল ফোটে বসন্তের বার্তা পেলে। শীতের শেষ থেকে বসন্ত জুড়ো গোলাপি ও বেগুনি ফুল ফোটে ওল্ড লেডি ক্যকটাসে। ২৫০ প্রজাতির ওল্ড লেডি ক্যাকটাস পাওয়া যায়। বালিতেই ভাল থাকে ওল্ড লেডি ক্যাকটাস।
ইস্টার ক্যাকটাস
এই ক্যাকটাসেও ফুল ফোটে শীতের শেষ ও বসন্তের শুরুতে। সাদা, কমলা ও ল্যাভেন্ডার রঙের এই ফুল ক্যাকটাসের মাথা আলো করে থাকে।
ক্র্যাব ক্যাকটাস
সাদা-লাল বা সাদা গোলাপি অথবা পুরোটাই লাল বা গোলাপি রঙের ফুস ধরে ক্র্যাব ক্যাকটাসে। বাজারেও সহজলভ্য। ফুলও ফোটে শীতেই। কারণ বেড়ে ওঠার জন্য অন্যান্য ক্যাকটাসের তুলনায় এর আরো বেশি শীতল আবহাওয়া প্রয়োজন।