ধোকা তো জীবনে কতভাবেই খেয়েছেন! কিন্তু গরম ভাতের সঙ্গে খেয়েছেন কখনো?
ছোলার ডাল বেটে মশলা মিশিয়ে তৈরি করা হয় ধোকা। পরে লালচে করে ভেজে আলু, টমেটো ও নানা মশলার ঘন ঝোলে রান্না করা হয়। মাছ-মাংস ছাড়াই গরম ভাতের সঙ্গে এক বাটি ‘ধোকা’ হয়ে উঠতে পারে পরিপূর্ণ ও সুস্বাদু খাবার। মজাদার এ ধোকা খাওয়াতে পারবেন অন্যদেরও, সোনামুখ করে খেয়ে উঠবে তারা।
প্রয়োজনীয় উপকরণ
ধোকার জন্য লাগবে ছোলার ডাল ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, হিং সামান্য, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, স্বাদমতো লবণ ও চিনি এবং পরিমাণমতো তেল। ডালনার জন্য প্রয়োজন আলু ২টি, জিরা আধা চা চামচ, তেজপাতা ১টি, টমেটো বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা-ধনে গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধা চা চামচ এবং পরিমাণমতো পানি ও তেল।
যেভাবে তৈরি করবেন
প্রথমে ছোলার ডাল কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে ভালোভাবে বেটে নিন। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে বাটা ডাল, আদা বাটা, জিরা গুঁড়ো, হিং, হলুদ, মরিচ, লবণ ও সামান্য চিনি দিয়ে নেড়ে রান্না করুন। ডালের মিশ্রণটি ধীরে ধীরে শুকিয়ে ঘন মন্ডের মতো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
একটি থালা বা সমতল পাত্রে সামান্য তেল মেখে তার ওপর ডালের মন্ড ঢেলে সমান করে ছড়িয়ে দিন। কিছুক্ষণ ঠান্ডা হলে বরফি বা ডায়মন্ড আকারে কেটে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে টুকরোগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন।
এবার একই কড়াইয়ে প্রয়োজনমতো তেল দিয়ে জিরা ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়নের গন্ধ উঠলে টমেটো বাটা ও আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর জিরা-ধনে গুঁড়ো ও সামান্য হলুদ দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে ভাজা আলু দিয়ে নেড়ে দিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
আলু সেদ্ধ হয়ে ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিন। কয়েক মিনিট রান্না করে ঝোল কিছুটা ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। এরপর চুলা থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ধোকার ডালনা।