সেল রিপোর্টস ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের তথ্য

ক্যান্সার চিকিৎসায় ভূমিকা রাখতে পারে সবুজ শাকের পুষ্টিউপাদান

জিয়াজ্যানথিনের প্রয়োগ মেলানোমা ও কোলন টিউমারের বৃদ্ধিকে ধীর করে দেয়। গবেষকেরা জানান, এ উপাদান দেহের টি সেলের রিসেপ্টরকে স্থিতিশীল করে। এর ফলে দেহের কোষগুলো আরো কার্যকরভাবে ক্যান্সারপ্রতিরোধী উপাদান সাইটোকাইনের উৎপাদন বাড়িয়ে দেয়, যা ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়।

পাতাযুক্ত সবুজ শাক ও ভুট্টায় জিয়াজ্যানথিন নামের এক ধরনের ক্যারটিনয়েড জাতীয় পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে পাওয়া যায়। দৃষ্টিশক্তির সুরক্ষায় এ উপাদানের ভূমিকা গবেষক মহলে স্বীকৃত। সম্প্রতি সেল রিপোর্টস ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, শুধু দৃষ্টিশক্তির সুরক্ষা নয়, ক্যানসারের চিকিৎসায়ও বড় ভূমিকা রাখতে পারে জিয়াজ্যানথিন। শরীরের রোগপ্রতিরোধকারী সিডি৮+টি (CD8+ T) কোষের ক্ষমতা বাড়িয়ে টিউমার ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে পারে এ উদ্ভিজ্জ ক্যারোটিনয়েড।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো, শিকাগোর ডি পল ইউনিভার্সিটি, রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, এমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, ইউনিভার্সিটি অব টেক্সাস ও বেকম্যান রিসার্চ ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা একযোগে এ যৌথ গবেষণা চালান। গবেষণাগারে ইঁদুরের ওপর চালানো পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে পাওয়া ফলাফলের ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি প্রস্তুত করেছেন তারা। গবেষণা প্রতিবেদনের শিরোনাম ‘জিয়াজ্যানথিন অগমেন্টস সিডি৮+ এফেক্টর টি সেল ফাংশন অ্যান্ড ইমিউনোথেরাপি এফিকেসি’।

এতে দেখা গেছে, জিয়াজ্যানথিনের প্রয়োগ মেলানোমা ও কোলন টিউমারের বৃদ্ধিকে ধীর করে দেয়। গবেষকেরা জানান, এ উপাদান দেহের টি সেলের রিসেপ্টরকে স্থিতিশীল করে। এর ফলে দেহের কোষগুলো আরো কার্যকরভাবে ক্যান্সারপ্রতিরোধী উপাদান সাইটোকাইনের উৎপাদন বাড়িয়ে দেয়, যা ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়।

গবেষণায় আরো দেখা গেছে, ইমিউনোথেরাপির সঙ্গে জিয়াজ্যানথিন একত্রে ব্যবহার করে ক্যান্সারের চিকিৎসার কার্যকারিতা আরো বেড়েছে।

গবেষণা দলের প্রধান ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক ড. জিং চেন বলেন, ‘চোখের স্বাস্থ্যে ভূমিকার জন্য জিয়াজ্যানথিন আগে থেকেই পরিচিতি। আমরা বিস্মিত হয়েছি যে টিউমার মোকাবেলায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটির সম্পূর্ণ নতুন এক ভূমিকা সামনে উঠে এসেছে।। একটি সাধারণ খাদ্য-উপাদান যে ইমিউনোথেরাপির মতো ক্যান্সারের উন্নত চিকিৎসার ক্ষেত্রে পরিপূরক ভূমিকা নিতে পারে; সেটিই আমাদের উঠে এসেছে।

চোখের স্বাস্থ্যরক্ষায় জিয়াজ্যানথিন সহজলভ্য ওষুধ হিসেবে বাজারে পাওয়া যায়। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, ক্যানসার মোকাবেলায় মানুষের ক্ষেত্রে ইঁদুরের মতো একই ধরনের উপকার পাওয়া যায় কিনা, তা জানতে ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। কারণ, প্রাণীতে পাওয়া ফলাফল অনেক সময় মানুষের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে।

আরও