প্রথম বেতন হাতে পাওয়ার পর নিজের উপার্জনের টাকা দিয়ে পছন্দের কিছু কেনা, বন্ধুকে খাওয়ানো কিংবা পরিবারের হাতে কিছু তুলে দেয়ার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি থাকে। কিন্তু মাস শেষ হওয়ার আগেই যখন বেতনের বড় অংশ বাসাভাড়া, যাতায়াত, খাবার, মোবাইল বিল আর নানা ছোটখাটো খরচে চলে যায়, তখন বোঝা যায়—উপার্জন করা মানেই আর্থিকভাবে স্বাধীন হয়ে যাওয়া নয়।
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে চাকরিতে ঢোকার পর জীবনের এ নতুন অধ্যায়কেই বলা যায় ‘অ্যাডাল্টিং’। নিজের সিদ্ধান্ত নিজে নেয়া, নিজের খরচ চালানো, পরিবারকে সহায়তা করা, ভবিষ্যতের জন্য ভাবা—সবকিছুর দায়িত্ব ধীরে ধীরে নিজের কাঁধে আসে। বাংলাদেশের তরুণদের জন্য বিষয়টি আরো চ্যালেঞ্জিং। সীমিত বেতন, আবাসন ব্যয়, যাতায়াত খরচ, পরিবারের প্রত্যাশা আর চাকরির অনিশ্চয়তা—সব মিলিয়ে কর্মজীবনের শুরুতেই আর্থিক ও মানসিক চাপ তৈরি হয়।
তাই প্রাপ্তবয়স্ক জীবনের শুরুতেই কিছু অভ্যাস তৈরি করা দরকার, যা পরবর্তী সময়ে আর্থিক স্থিতি ও মানসিক স্বস্তির ভিত্তি তৈরি করবে। শুরুটা হতে পারে অর্থব্যবস্থাপনা দিয়ে। মাসে কত টাকা হাতে আসে এবং তার কতটা কোন খাতে ব্যয় হয়— এর স্বচ্ছ হিসাব না থাকলে আর্থিক স্বস্তি পাওয়া কঠিন। বাসাভাড়া, বাজার, যাতায়াত, মোবাইল-ইন্টারনেট, বিনোদন, পরিবারের জন্য পাঠানো অর্থ—সব খরচের একটি মোটামুটি হিসাব রাখা দরকার। প্রতিটি খরচের হিসাব খাতায় লিখতে হবে এমন নয়; মোবাইলের নোট বা সাধারণ কোনো বাজেট অ্যাপেও রাখা যায়।
তবে বাজেট করার অর্থ জীবনকে কেবল হিসাবের খাতায় আটকে ফেলা নয়। বরং কোন খরচ জরুরি, কোনটি ইচ্ছা এবং কোনটি আপাতত বাদ দেয়া যায়—এ পার্থক্যটা বুঝতে হবে। মাসের শুরুতেই নির্দিষ্ট একটি পরিমাণ সঞ্চয়ের জন্য আলাদা করে রাখলে কাজটি সহজ হয়। অল্প হলেও নিয়মিত সঞ্চয় ভবিষ্যতে বড় আর্থিক নিরাপত্তা তৈরি করতে পারে।
বিশেষ করে একটি জরুরি তহবিল থাকা দরকার। চাকরি চলে যাওয়া, হঠাৎ অসুস্থতা, পরিবারের জরুরি প্রয়োজন কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ব্যয়—এ ধরনের পরিস্থিতির জন্য হাতে কিছু অর্থ থাকলে বিপদের সময় ঋণ বা অন্যের ওপর নির্ভরশীলতা কমে। সঞ্চয়ের পরিমাণ কত হবে, তা ব্যক্তির আয় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে; তবে কর্মজীবনের শুরু থেকেই এমন একটি তহবিল গড়ার অভ্যাস তৈরি করা গুরুত্বপূর্ণ।
আরেকটি বিষয় মাথায় রাখা দরকার— নতুন চাকরির সঙ্গে নতুন জীবনযাত্রার আকাঙ্ক্ষাও তৈরি হয়। নতুন ফোন, কিস্তিতে কেনাকাটা, নিয়মিত রেস্তোরাঁয় খাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খরচ হয়ে যায়। আয় বাড়লেই খরচ একই হারে বাড়াতে হবে—এমন কোনো নিয়ম নেই। বরং নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপনের অভ্যাস ভবিষ্যৎকে অনেক বেশি স্বস্তিদায়ক করে।
ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনাও এখন প্রাপ্তবয়স্ক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যাংক হিসাব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন কেনাকাটা—প্রতিদিনের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশই এখন ডিজিটাল। তাই পিন, ওটিপি, পাসওয়ার্ড বা ব্যাংকিং-সংক্রান্ত গোপন তথ্য কাউকে না দেওয়া, সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং অচেনা কল বা বার্তায় আর্থিক তথ্য না দেয়ার মতো সাধারণ সতর্কতাগুলোও আয়-ব্যয়ের হিসাব রাখার মতোই গুরুত্বপূর্ণ।
টাকার পাশাপাশি নিজের স্বাস্থ্যের দায়িত্ব নেয়াও জরুরি। প্রয়োজনীয় চিকিৎসা নথি, ওষুধের তথ্য, রক্তের গ্রুপ ও জরুরি যোগাযোগের নম্বর গুছিয়ে রাখা ভালো। চাকরিতে স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সুবিধা থাকলে তার আওতা ও সীমাবদ্ধতাও জেনে রাখা উচিত। পরিবার থেকে দূরে থাকা তরুণদের জন্য এসব প্রস্তুতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষাগত সনদ, চাকরির কাগজপত্র, ব্যাংক ও বীমার নথিও নিরাপদে সংরক্ষণ করা দরকার। প্রয়োজনীয় কাগজের ডিজিটাল কপি রাখা যেতে পারে, তবে সেগুলোর সঙ্গে যুক্ত ই-মেইল ও ক্লাউড অ্যাকাউন্টের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
দায়িত্বশীল হওয়ার আরেকটি দিক হলো ভবিষ্যৎ নিয়ে ভাবা। কর্মজীবনের শুরুতেই দীর্ঘমেয়াদি সঞ্চয়ের অভ্যাস তৈরি করলে পরে বড় অঙ্কের অর্থ জোগাড়ের চাপ কমে। তবে এর অর্থ নিজের বর্তমান জীবন থেকে আনন্দ পুরোপুরি বাদ দেয়া নয়; বরং বর্তমানের প্রয়োজন ও ভবিষ্যতের নিরাপত্তার মধ্যে ভারসাম্য তৈরি করা।
এখানে মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের ভ্রমণ, নতুন গাড়ি, গ্যাজেট বা রেস্তোরাঁর ছবি দেখে নিজের জীবনকে পিছিয়ে থাকা মনে হতে পারে। সেই চাপ থেকে অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতাও তৈরি হয়। অন্যের জীবনযাত্রার সঙ্গে নিজের আয় ও অবস্থার তুলনা না করে নিজের অগ্রাধিকার ঠিক করাই ভালো।
অর্থনৈতিক চাপের সঙ্গে মানসিক চাপ যুক্ত হলে বিষয়টি আরো কঠিন হয়ে ওঠে। চাকরি নিয়ে অনিশ্চয়তা, পরিবারের প্রত্যাশা, নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা—সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে অনেকে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। তখন সমস্যাকে এড়িয়ে না গিয়ে কাছের ও বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলা, প্রয়োজন হলে পেশাদার সহায়তা নেয়া এবং নিজের বিশ্রাম ও ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেয়া জরুরি। এসব ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়েই তৈরি হয় আর্থিক ও মানসিক স্থিতি।