ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

১৫ আপডেট
  • ২১ মার্চ, ২০২৬

    ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

    ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এ ধরনের তৃতীয় ঘটনা।

    এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধবিমান বিমান-বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তাদের দাবি, বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই ‘পরিকল্পনা অনুযায়ী’ অভিযান শেষ করেছে।

    আইআরজিসির মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী (রিফুয়েলিং) উড়োজাহাজ এবং যুদ্ধবিমানসহ ২০০-এর বেশি আকাশযান ধ্বংস করেছে।

  • ২১ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় ৮০০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি

    ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দুই সপ্তাহেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোতে প্রায় ৮০০ মিলিয়ন (৮০ কোটি) ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এই প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর প্রথম সপ্তাহেই ইরান পাল্টাপাল্টি হামলায় এ বড় ধরনের ক্ষতিসাধন হয়েছে।

    যদিও মার্কিন সম্পদের ওপর ইরানি হামলার পূর্ণাঙ্গ চিত্র এখনও পরিষ্কার নয়, তবে সামরিক অবকাঠামোর এ ৮০ কোটি ডলারের ক্ষতির হিসাবটি আগের যেকোনও রিপোর্টের চেয়ে অনেক বেশি। এটি প্রমাণ করে যে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য তার ব্যয় ততটাই বাড়ছে। সিএসআইএস-এর সিনিয়র উপদেষ্টা মার্ক কানসিয়ান বলেন, অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির খবর অনেক কম প্রচার করা হয়েছে। যদিও দৃশ্যত এটি ব্যাপক বলে মনে হচ্ছে, তবে আরও তথ্য না পাওয়া পর্যন্ত প্রকৃত পরিমাণ জানা সম্ভব নয়।

  • ২১ মার্চ, ২০২৬

    ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান রাশিয়ার

    ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কোর মতে, এই ধরনের হামলা অঞ্চলটির জন্য ‘বিপর্যয়’ ডেকে আনতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের একটি বস্তুনিষ্ঠ ও যথাযথ তদন্ত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ড পুরো মধ্যপ্রাচ্যজুড়ে প্রকৃত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে।’

  • ২১ মার্চ, ২০২৬

    হরমুজ প্রণালি সচল করতে একজোট ২২ দেশ

    কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ২২টি দেশ। জলপথটিতে ইরানি অবরোধের নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। সব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনও শামিল হয়েছে এই উদ্যোগো। তবে জোটের বেশিরভাগ দেশই ইউরোপের।

    শনিবার (২১ মার্চ) ২২টি দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত। যেসব দেশ এরই মধ্যে এ পরিকল্পনার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে, আমরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।’

    বিবৃতিতে দেশগুলো উপসাগরীয় অঞ্চলে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা এবং তেল-গ্যাস স্থাপনার মতো বেসামরিক অবকাঠামোতে আক্রমণের কঠোর নিন্দা জানায়। তারা অভিযোগ করে যে, ইরানি বাহিনী বর্তমানে হরমুজ প্রণালিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য চরম হুমকি।

  • ২১ মার্চ, ২০২৬

    ট্রাম্প ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য না দিলে পুতিনও ইরানকে দেবেন না: রাশিয়া

    যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে না বলে রাশিয়ার তরফে প্রস্তাব এসেছে। মস্কোর এ প্রস্তাব ওয়াশিংটন এরই মধ্যে প্রত্যাখ্যান করে দিয়েছে বলে পলিটিকোর খবরে বলা হয়েছে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদমাধ্যম লিখেছে, ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করলেও বিষয়টি নিয়ে ইউরোপের দেশগুলোতে নতুন অস্বস্তি তৈরি হয়েছে। গেল সপ্তাহে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, চলমান ইরান যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে। এ খবর আসার পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বৈঠকে বসেন রুশ ও মার্কিন কূটনীতিকরা। পলিটিকো লিখেছে, ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের সামনে একটি ‘কুইড প্রো কো’ (পাল্টা সুবিধা) প্রস্তাব হাজির করে রাশিয়া। মস্কোর তরফে বলা হয়, ওয়াশিংটন যদি রাশিয়া সম্পর্কে ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তারাও আর তেহরানকে গোয়েন্দা তথ্য দেবে না।

  • ২১ মার্চ, ২০২৬

    ইরানে হামলার আরো তীব্র হবে : ইসরায়েল

    চলতি ইরানে হামলার তীব্রতা বাড়বে বলে হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শনিবার (২১ মার্চ) সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় এ দখলদার বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের সরকারের অবকাঠামো ওপর যে হামলা চালাচ্ছে, এ সপ্তাহে, এটি বেশ বাড়বে ‘ এছাড়া যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এ অঞ্চলে নিশ্চিত না হবে ততক্ষণ হামলা অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছেন তিনি। ইসরায়লি মন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী, ইসরায়েলের অভ্যন্তরীণ বাহিনীও শক্তিশালী, এবং যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না।’

  • ২১ মার্চ, ২০২৬

    ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

    ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইরানের আকাশসীমায় ইসরায়েলের বিমানবাহিনীর একটি অভিযান চলাকালে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।’ তবে কখন এ ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের ‘ক্রু সদস্যরা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। বিমানে কোনো ক্ষতি হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ হয়েছে।’

    এদিকে তেহরান দাবি করেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক এবং জ্বালানি পরিবহনকারী একটি উড়োজাহাজে (রিফুয়েলিং জেট) তারা ড্রোন হামলা চালিয়েছে। এতে করে ইসরায়েলের সামরিক বিমানের উড্ডয়ন ও জ্বালানি সরবরাহ গুরুতরভাবে ব্যাহত হয়েছে।

  • ২১ মার্চ, ২০২৬

    ইরানে অভিযান ‘গুটিয়ে আনার ইঙ্গিত’ ট্রাম্পের

    ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘গুটিয়ে নেওয়ার’ বিষয়টি চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক প্রচেষ্টাগুলো গুটিয়ে নেওয়ার কথা ভাবছি। আমরা লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

  • ২১ মার্চ, ২০২৬

    মস্কো এখনো তেহরানের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সঙ্গী: পুতিন

    পারস্য নববর্ষ (নওরোজ) উপলক্ষে ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য সঙ্গী হিসেবেই পাশে আছে। ক্রেমলিন বলছে, ইরানি জনগণকে যুদ্ধের কঠিন পরীক্ষা মর্যাদার সঙ্গে কাটিয়ে ওঠার শুভকামনা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। বলেছেন, এই দুঃসময়ে মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশী হিসেবে অবিচল রয়েছে।

    রাশিয়া বলছে, ইরান ও ইসরায়েলের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অতল গহ্বরে ঠেলে দিয়েছে। বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে একটি নৃশংস হত্যাকাণ্ড হিসেবেও বর্ণনা করেছে রাশিয়া।

  • ২১ মার্চ, ২০২৬

    ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের একটি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আজ শনিবার মধ্য ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি।

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, তেহরান ও ইসফাহানের মাঝামাঝি অবস্থিত এ কেন্দ্রের আশপাশের বাসিন্দারা কোনো ঝুঁকিতে নেই। এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা হামলার পর নাতানজ পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • ২১ মার্চ, ২০২৬

    লেবাননে হিজবুল্লাহর ৪ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত রাতে দক্ষিণ লেবাননে পরিচালিত সমন্বিত বিমান ও স্থল অভিযানে তারা হিজবুল্লাহর চারজন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। অভিযানে ইসরায়েলি বাহিনীর ওপর গুলিবর্ষণ করা হলেও তাদের কোনো সদস্য আহত হননি।

    সামরিক বাহিনী আরো জানিয়েছে, তাদের বিমান বাহিনী বৈরুতে অবস্থিত হিজবুল্লাহর বেশ কয়েকটি সদর দফতরে হামলা চালিয়েছে।

    সূত্র- আল জাজিরা

  • ২১ মার্চ, ২০২৬

    তেহরানের পূর্বে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    ইরানের রাজধানী তেহরানের পূর্ব অংশে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনার গেছে। রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত একবাতান জেলা এবং অলিম্পিক ভিলেজসহ পুরো শহরজুড়ে বেশ কিছু বিস্ফোরণ ঘটেছে।

    এর আগে ইসরায়েল ঘোষণা করেছিল, তারা নওরোজ (পারস্য নববর্ষ) এবং ঈদুল ফিতরের প্রথম দিনে তেহরানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। তবে এ হামলাগুলোয় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।

    সূত্র- আল জাজিরা

  • ২১ মার্চ, ২০২৬

    ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

    ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

    খবর বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। ইরান থেকে প্রায় ২ হাজার ৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত ওই ঘাঁটিতে সেগুলো পৌঁছায়নি। তবে এ হামলা থেকে ধারণা করা হচ্ছে, তেহরানের কাছে আগের তুলনায় আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।

  • ২১ মার্চ, ২০২৬

    ৭০তম বারের হামলার ঘোষণা আইআরজিসির

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসির) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরে মার্কিন ও ইসরায়েলি স্বার্থের ওপর চালানো ৭০তম বারের প্রতিশোধমূলক হামলায় ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    প্রেস টিভিতে প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, সর্বশেষ এই হামলার ফলে লক্ষ্যবস্তু করা এলাকাগুলোতে বিকট বিস্ফোরণ, আগুনের কুণ্ডলী এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

    এদিকে শনিবার ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এ হামলাগুলো প্রতিহত করতে সৌদি আরব, কুয়েত এবং ইসরায়েলসহ অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে।

    এছাড়াও ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান অন্তত দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানা গেছে।

    সূত্র: আল জাজিরা

  • ২১ মার্চ, ২০২৬

    ইরানের তেলের ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র

    মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতে বিশ্বজুড়ে তেলের সরবরাহ সংকট কাটাতে আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এ সাময়িক অনুমোদন শুধু নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো এরই মধ্যে পরিবহনের পথে (ট্রানজিট) রয়েছে। নতুন কোনো ক্রয়াদেশের জন্য না।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে দেশ দুটির সঙ্গে সম্পৃক্ততা আছে এমন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসের চালান পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানির দামে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইরান যুদ্ধ গুটিয়ে আনার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি এমনটা জানান।

ট্রাম্প আরো বলেন, হরমুজ প্রণালি পাহারা দেয়ার দায়িত্ব যারা এটি ব্যবহার করে তাদের হওয়া উচিত। যুক্তরাষ্ট্র তাদের মধ্যে নয়।

এ সময় ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেন, কারণ তারা হরমুজ প্রণালী পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে রাজি হয়নি। তিনি দাবি করেন, এটি একটি ‘সহজ’ সামরিক পদক্ষেপ। পোস্টে ট্রাম্প লেখেন, তাদের জন্য এটা খুব সহজ, ঝুঁকিও কম। কাপুরুষ, আমরা এটা মনে রাখবো!

একইদিন ওয়াশিংটন হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতি চাই না। আপনি যখন প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতি করা যায় না।

সূত্র- আল জাজিরা

আরও