মালয়েশিয়ার বহুল আলোচিত ১এমডিবি কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আরো ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির উচ্চ আদালত। একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের দায়ে তাকে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার (১১ দশমিক ৩৯ বিলিয়ন রিঙ্গিত) জরিমানা করা হয়েছে। শুক্রবার দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে রায় পড়ার পর বিচারপতি কলিন লরেন্স সেকুয়েরাহ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। খবর এপি।
মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের মতে, ২০০৯ সালে নাজিবের সহ-প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত তহবিল ১এমডিবি থেকে অন্তত ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়। এর মধ্যে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ ৭২ বছর বয়সী নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট হিসাবে জমা পড়ে বলে অভিযোগ। নাজিব ২০২২ সাল থেকেই ১এমডিবির আরেক মামলায় কারাবন্দি।
রায় পাঠে হাইকোর্ট বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ বলেন, ১এমডিবিতে অন্যদের দ্বারা বারবার প্রতারিত হওয়ার নাজিবের দাবি ‘কল্পনার জগতে চলে যাওয়ার শামিল’। আদালত তাকে ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগ ও অর্থপাচারের ২১টি অভিযোগেই দোষী সাব্যস্ত করে।
প্রতিটি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১৫ বছর এবং প্রতিটি অর্থপাচারের অভিযোগে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে। যা একসঙ্গে কার্যকর হবে এবং তার বর্তমান সাজা শেষ হওয়ার পর ২০২৮ সাল থেকে শুরু হবে। আদালত ১১ দশমিক ৩৯ বিলিয়ন রিঙ্গিত জরিমানা ও ২ দশমিক ০৮ বিলিয়ন রিঙ্গিত সম্পদ উদ্ধার করার নির্দেশ দিয়েছেন। নাজিবের আইনজীবী মুহাম্মদ শাফি আবদুল্লাহ জানান, সোমবার এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
দীর্ঘ এক দশকব্যাপী তদন্তের পর এই রায় এলো। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন জানায়, তদন্তে বহু আইনি ও প্রযুক্তিগত বাধার মুখে পড়তে হয়েছে। কমিশনের প্রধান আজম বাকি বলেন, ‘এটি উদযাপনের মুহূর্ত নয়, বরং জাতির প্রতি দায়িত্ব পালনের প্রতিফলন।'