সৌদি আরবের পাম্পিং স্টেশন ও রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

এর আগে, গত শনিবার হুতিরা আরো দাবি করে, তারা পূর্ব-পশ্চিম পাইপলাইন, অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন, ইয়ানবুতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা এবং রাবিগ তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে

ইয়েমেনের ইরানসমর্থিত হুথি গোষ্ঠী জানিয়েছে, তারা সৌদি আরবের পূর্ব-পশ্চিমমুখী অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনের পাম্পিং স্টেশন ও রিয়াদ বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা রাজধানী সানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি লঞ্চার ধ্বংস করেছে। এর মধ্যে একটি থেকে রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জোটের দাবি।

রয়টার্সের একটি প্রতিবেদনে জানান হয়, হুথিদের এ হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবকে চাপের মুখে ফেলতে দেশটির বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা।

সোমবার (২৬ অক্টোবর) হুথিরা আরো দাবি করেছে, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুর দিকে গোষ্ঠীটির দাবি করা এক হামলায় ১৩ জন নিহত হওয়ার পর রোববার বিমানবন্দরের দুটি টার্মিনালে কার্যক্রম আবার শুরু হয়।

এর আগে, গত শনিবার হুথিরা আরো দাবি করে, তারা পূর্ব-পশ্চিম পাইপলাইন, অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন, ইয়ানবুতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা এবং রাবিগ তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব দাবির বিষয়েও সৌদি আরবের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট সোমবার জানিয়েছে, তারা ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের কাজে ব্যবহৃত পাঁচটি সুড়ঙ্গ, চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা এবং একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণকেন্দ্র ধ্বংস করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনের সম্মুখসারিতে হুতিদের সরবরাহপথ, যোদ্ধা ও সামরিক সরঞ্জামও অভিযানের লক্ষ্য ছিল। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এ ধরনের ‘প্রতিরোধমূলক সামরিক পদক্ষেপ’ অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।

আরও