ফিলিস্তিনের গাজায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশুকে তীব্র অপুষ্টির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) বরাতে বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
ওসিএইচএ জানিয়েছে, শুধু জুন মাসের প্রথম দুই সপ্তাহেই নতুন করে ১ হাজার ৬৪৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জন নানা জটিলতার ভুগছে।
সংস্থাটি এ তথ্য এমন সময় প্রকাশ করল যখন ইসরায়েল ৭৮ দিনের অবরোধের পর গত মে মাসে গাজায় অবরোধ কিছুটা শিথিল করলেও খাদ্য প্রবেশে এখনো কড়াকড়ি অব্যাহত রেখেছে।
গাজা এখন উচ্চ মাত্রার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে উল্লেখ করে ওসিএইচএ বলছে, বর্তমানে খাদ্য সরবরাহের পরিমাণ ও গতি গাজার পুরো জনগণের চাহিদা পূরণে মারাত্মকভাবে অপ্রতুল। জাতিসংঘের সহায়তাপ্রাপ্ত সব বেকারিগুলো এখনো বন্ধ রয়েছে।
সংস্থাটি আরো জানিয়েছে, প্রয়োজনীয় চাহিদা মেটাতে এবং গমের আটা ও অন্য মৌলিক পণ্যের প্রাপ্যতা, মূল্য এবং নাগালের মধ্যে রাখা নিশ্চিতে নিয়মিত, ঘন ঘন ও বড় পরিসরে পণ্য সরবরাহ অত্যন্ত জরুরি। পাশাপাশি অভ্যন্তরীণ উত্তেজনা কমাতে ও সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনর্গঠনও গুরুত্বপূর্ণ।