জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পাবলিক সার্ভিস বা জনসেবার মান অবনতির প্রতিবাদে ফ্রান্সে আয়োজিত তৃতীয় দফার গণবিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী প্যারিস, মার্শেইসহ বিভিন্ন শহরে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে আয়োজিত এসব বিক্ষোভ থেকে এ পর্যন্ত ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য গার্ডিয়ান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার অনুষ্ঠিত বিক্ষোভগুলোতে দেশজুড়ে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ অংশ নেন। কেবল প্যারিসেই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বুলেভার্ড এলাকায় আনুমানিক ৭০ হাজার মানুষ মিছিলে যোগ দেন। হ্যালোউইনের পোশাক পরিহিত অনেক বিক্ষোভকারী এতে অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানান, দেশজুড়ে প্রায় ১৫০টি নির্ধারিত বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও, সমাবেশের শেষ দিকে, অর্থাৎ সন্ধ্যা নামতেই কিছু দাঙ্গাকারীর তীব্র সহিংসতার মুখে পড়ে পুলিশ। দাঙ্গাকারীরা এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে ককটেল বা মলোটভ ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে। এতে প্যারিসে চারজন পুলিশ সদস্য এবং একজন সামরিক পুলিশ আহত হয়েছেন। সংঘাত এড়াতে আগে থেকেই ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এলিট ইউনিটসহ ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমে মোতায়েন করেছিল।স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে ‘হত্যার চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন।
প্যারিসের বিক্ষোভে অংশ নেয়া জেরোম রদ্রিগেজ নামে এক বিক্ষোভকারী বলেন, ‘আজকে আমাদের দেশ এমন একদল অপদার্থের দ্বারা পরিচালিত হচ্ছে, যারা শত শত কোটি ইউরো নিয়ে ছিনিমিনি খেলছে, অথচ সাধারণ পরিবারগুলো সামান্য কয়েক সেন্টের জন্য সংগ্রাম করছে। সেজন্যই আমরা এখানে আমাদের দাবি উচ্চস্বরে জানাতে এসেছি’।