মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ। তার মতে, তাদের (ইরানের) সঙ্গে আলোচনা করে সময় নষ্ট হচ্ছে। বুধবার তুরস্কে অনুষ্ঠানরত ন্যাটো সম্মেলনে তিনি এমনটাই জানিয়েছেন। খবর সিএনএন।
ট্রাম্প বলেন, আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, তারা জঘন্য। তারা অসুস্থ, নৃশংস ও সহিংস প্রকৃতির। তিনি আরো বলেন, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায়, সব শেষ হয়ে গেছে।
তিনি বলেন, আমি যতদূর জানি, এটা (যুদ্ধবিরতি) শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে দরকষাকষি করা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।
সাংবাদিকদের তিনি বলেন, আমাদের মধ্যস্থতাকারীরা যদি (তাদের সঙ্গে) আলোচনা চালিয়ে যেতে চায়, তাহলে আমি এতে আপত্তি করব না। তবে আমি এখানে সাফল্যের সম্ভাবনা দেখি না। আমি এসব মানুষকে (ইরানিদের) পছন্দ করি না।
হরমুজ প্রণালিতে জ্বালানি তেলবাহী জাহাজে হামলার জেরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ইরানের জ্বালানি তেল বিক্রির অনুমতি বাতিল করে ও নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ওয়াশিংটন। জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে তেহরান।
হামলা-পাল্টা হামলার পরই ট্রাম্প এমন মন্তব্য করলেন। আর এরপরই বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৫ শতাংশ বেড়েছে।