ট্যাংকার ট্র্যাকার্সের তথ্যানুযায়ী, মার্কিন অবরোধ এড়িয়েছে ইরানি একটি সুপারট্যাংকার। ওই জাহাজে ২২ কোটি ডলারের জ্বালানি তেল রয়েছে। খবর আল জাজিরা।
ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) সফলভাবে মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে বলে জানানো হয় প্রতিবেদনে।
জাহাজটিতে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বহন করছে। এ জ্বালানির বাজার মূল্য প্রায় ২২ কোটি ডলার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্যাংকার ট্র্যাকার্স জাহাজটির নাম ‘হিউজ’ বলে উল্লেখ করে। আরো জানিয়েছে, সর্বশেষ এক সপ্তাহেরও বেশি আগে শ্রীলঙ্কার উপকূলের কাছে জাহাজটিকে দেখা গেছে। বর্তমানে ট্যাংকারটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
গত ১৩ এপ্রিল জাহাজটি ইরানের জলসীমায় ছিল, ঠিক ওই সময়ই মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করে। এছাড়া ২০ মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকেই জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখেছিল।
গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে যে অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে বেরিয়ে গেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে তারা ইরান-সংশ্লিষ্ট প্রায় ৪১টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করেছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, অবরোধ কার্যকর হচ্ছে এবং এর ফলে ইরান বিলিয়ন ডলারের আয় হারিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইরান জ্বালানি তেল রফতানি করতে পারছে না এবং মজুদের সক্ষমতা পূর্ণ হয়ে গেলে উত্তোলনও বন্ধ হয়ে যেতে পারে।