ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না স্পেন
ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত মার্কিন উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না স্পেন। বিষয়টি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রুবলস। এর আগে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলাকে ‘অবিবেচক ও বেআইনি’ আখ্যা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
মাদ্রিদে গতকাল মার্গারিটা রুবলস বলেন, ‘আমরা ইরান যুদ্ধসংক্রান্ত কোনো কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছি না।’
এর আগে স্পেন যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও প্রত্যাখ্যান করেছিল। এবার আকাশসীমা বন্ধ করে আরো কঠোর অবস্থান নিল।
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রুবলস। ছবি: রয়টার্স
এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুতে যাওয়ার পথে ন্যাটো সদস্য স্পেনের ওপর দিয়ে উড়তে পারবে না মার্কিন সামরিক উড়োজাহাজ, তাদের বিকল্প পথ বেছে নিতে হবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো এক সাক্ষাৎকারে বলেন, ‘সিদ্ধান্তটি আমাদের সরকারের আগের অবস্থানেরই অংশ। আমরা এমন একটি যুদ্ধে অংশ নিতে বা সহায়তা করতে চাই না, যা একতরফাভাবে শুরু হয়েছে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে।’
সূত্র: রয়টার্স