ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের কাছে বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি সেনাদের গোলাগুলিতে দুই সেনা নিহত হয়েছে। গতকালের এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি হামলাকারীও নিহত হয়েছেন। এ ঘটনার পর হেবরন শহরে অবরোধ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে পুরো পশ্চিম তীরে বড় সামরিক অভিযানের হুমকি দিয়েছেন তিনি। খবর আল জাজিরা।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, নিহত দুই সেনা স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান ও সার্জেন্ট ইউভাল শাই সভিলেম। তারা সেনাবাহিনীর উদ্ধারকারী ব্রিগেডের সদস্য ছিল। আহত তিন সেনাও একই ব্যাটালিয়নের। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
হেবরনের কাছে ফার্শ আল-হাওয়া তল্লাশি চৌকিতে ইসরায়েলি সেনাদের সঙ্গে দুই ফিলিস্তিনির গোলাগুলি হয়। ওই দুই ফিলিস্তিনির কাছে একটি পিস্তল ও একটি স্বয়ংক্রিয় রাইফেল ছিল। একপর্যায়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে তারা নিহত হন।
এ হামলার পর হেবরনে অবিলম্বে অবরোধ জারির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও নিরাপত্তা বাহিনীকে পুরো জুডিয়া ও সামারিয়া অঞ্চলে সম্পূর্ণ অবরোধ আরোপের প্রস্তুতি নিতে বলেছেন। পশ্চিম তীরের ইসরায়েল অধিকৃত অঞ্চলকে জুডিয়া ও সামারিয়া নামে অভিহিত করে ইসরায়েল।