ইসলামাবাদে আদালত ভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১২

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঘটনাটিকে ‘আত্মঘাতী হামলা’ বলে বর্ণনা করেছেন

পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডন।

ইসলামাবাদ পুলিশের এক মুখপাত্র বলেন, ‘এটি কি ধরনের বিস্ফোরণ ছিল, আমরা খতিয়ে দেখছি। বিষয়টি এখনো স্পষ্ট নয়। ফরেনসিক দলের প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঘটনাটিকে ‘আত্মঘাতী হামলা’ বলে বর্ণনা করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট জারদারি।

প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘আমরা আসলে যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করেন এই যুদ্ধ শুধু আফগান সীমান্ত বা বেলুচিস্তানের দূরবর্তী এলাকায় সীমাবদ্ধ, আজকের হামলা তাদের জন্য সতর্কবার্তা। এটি আমাদের জন্য ওয়েক-আপ কল।’

স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আদালত প্রাঙ্গণের নিরাপত্তা গেটের কাছে একটি গাড়ি আগুনে পুড়ছে, আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পুলিশ ভ্যানের কাছে কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

আরও