যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে ইরান নিজের মর্যাদা বিকিয়ে দেয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্বাক্ষরিত নথির ফার্সি সংস্করণের একটি ছবিসহ সামাজিক মাধ্যম এক্স-এ এসব কথা লিখেছেন তিনি।
পোস্টে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, এই লেখাগুলো এমন একটি জাতির কণ্ঠস্বরের প্রতিফলন, যারা কোনো হুমকি বা চাপের কাছে তাদের মর্যাদা এবং স্বাধীনতা বিকিয়ে দেয়নি।
তিনি বলেন, আজ যা নথিবদ্ধ হলো, তা জাতীয় সহনশীলতা, রাজনৈতিক যৌক্তিকতা এবং দায়িত্বশীল কূটনীতির ফসল।
বুধবার রাতে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি৭ সম্মেলন পরবর্তী এক নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সংক্রান্ত এ নথিতে স্বাক্ষর করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে স্বাক্ষর করেছেন। ১৪ দফার এ চুক্তিকে মূলত সমঝোতা স্মারক বা এমওইউ বলা হচ্ছে।
এতে বলা হয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এছাড়া দেশটির ‘পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের’ জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের প্রতিশ্রুতিও রয়েছে, যদিও এতে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাধ্যতামূলক নয়।