◉ লাইভ

যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

এর আগে ২০২২ সালের ২৮ এপ্রিল জারি করা পুলিশের একটি নির্দেশনায় বিক্ষোভ আয়োজনের স্থান ও নিয়মকানুন নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে ওই নির্দেশনার কিছু অংশ সংশোধন করা হয়েছে।

৫ আপডেট
  • ১০ মিনিট আগে

    সিইসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন, আমরা থামব না: রাহুল

    ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আজ সোমবার বিরোধী দলের নেতারা আবেদন করেছেন। একই দাবিতে আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কয়েক হাজার মানুষ সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করেন। রাহুলের সঙ্গে অন্যদের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাও ছিলেন। তারা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও তার পদত্যাগ দাবি করেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

    জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনকারীদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী প্রসাদ যাদব। আবেদনে অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেয়া হয়েছে। একই সঙ্গে প্রক্রিয়াটিতে নানা অনিয়ম হয়েছে।

  • ১৪ মিনিট আগে

    দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক

    সাধারণত কাল্পনিক শহর গোথাম-এর সুরক্ষায় ব্যাটম্যানকে দেখা গেলেও এবার ভারতের রাজনীতিতে দেখা মিললো তার মাস্কের। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের ‘চলো দিল্লি’ পদযাত্রায় হঠাৎই নজর কেড়েছে ব্যাটম্যানের মাস্ক।

    সুপ্রিম কোর্টের দিকে বিরোধীদের পদযাত্রা চলাকালে যুব কংগ্রেসের কর্মীরা অংশ নেয়া নেতাদের মাঝে ব্যাটম্যানের মাস্ক বিতরণ করেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী নিজেও একটি মাস্ক হাতে ছবি তোলেন। ছবিটি এনএসইউআই তাদের এক্স হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখেছে: ‘ব্যাটম্যান মোড: অন; জ্ঞানেশ তো গেলো। এ ছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একটি মাস্ক পরেছেন, যা পরতে তাকে সরাসরি সাহায্য করেন রাহুল গান্ধী।

    রাজনৈতিক লড়াই ও অন্যায়ের বিরুদ্ধে রাহুল গান্ধীকে একজন ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করতেই কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিম দীর্ঘদিন ধরে এই ‘ব্যাটম্যান’ থিম ব্যবহার করে আসছে। এমনকি রাজপথের এই পদযাত্রায় অংশ নেওয়া এক সমর্থক বলেন, ভারতকে শয়তানের বিরুদ্ধে লড়তে রাহুল গান্ধী নামের এক ব্যাটম্যান দরকার।

  • ২ ঘণ্টা আগে

    দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে জোরদার নিরাপত্তা

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো। এ কর্মসূচিকে ঘিরে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টা থেকে রাজধানীতে যান চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ধৌলা কুয়াঁ ফ্লাইওভার, মান্ডি হাউস, ঝান্ডেওয়ালান, পঞ্চকুয়াঁ, কনট প্লেস, প্যাটেল চক, লোদি রোড ফ্লাইওভার, ভিকাজি কামা প্লেস, মতিবাগ ফ্লাইওভার, অশোক রোড, যন্তর মন্তর রোড, সংসদ মার্গ ও টলস্টয় মার্গসহ ৩০টি এলাকায় যান চলাচল প্রায় বন্ধ ছিল।

    দিল্লি ট্রাফিক পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া এসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাস টার্মিনাল, রেলস্টেশন ও বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সময় হাতে রাখার অনুরোধ জানানো হয়েছে।

    নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে নিউ দিল্লি জেলাকে ২০টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৭টি পয়েন্টে ব্যারিকেড বসানো হয়েছে।

  • ২ ঘণ্টা আগে

    ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী

    নির্বাচনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার দিল্লির প্রাণকেন্দ্রে হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছেন। বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’-র ব্যানারে আয়োজিত ‘চলো দিল্লি-মার্চ ফর ডেমোক্র্যাসি’ শীর্ষক এ কর্মসূচিতে বিরোধী নেতারা ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে এক প্রতিবাদ পদযাত্রায় অংশ নেন।

    বিক্ষোভকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কনট প্লেস ও মান্ডি হাউসের মধ্যবর্তী সড়কে সাধারণ মানুষ ও প্রতিবাদকারীদের ঢল নামে।

    কংগ্রেস সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্ট জানান, নির্বাচন কমিশনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন, সংবিধান সুরক্ষা এবং নির্বাচনি ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, পদত্যাগ করুন, অপরাধ স্বীকার করে অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হন; আপনি ভুল করেছেন, তবে এই ভুলের পেছনের মূল মগজ আপনি নন।

    তিনি আরো দাবি করেন যে, এসব অভিযোগের কারণে জ্ঞানেশ কুমার চরম চাপের মধ্যে রয়েছেন। রাহুল গান্ধী বলেন, আমরা জানি জ্ঞানেশ কুমার রাতে ঘুমাতে পারছেন না; আমি তাকে সরাসরি বলছি, আপনি সিইসি হিসেবে টিকে থাকতে পারবেন না।

  • ৩ ঘণ্টা আগে

    সুপ্রিম কোর্টে ঢুকে পিটিশন দায়েরের অনুমতি পেলেন রাহুল গান্ধী

    দিল্লিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে চলছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের (এমপি) মিছিল। সুপ্রিম কোর্টে প্রবেশ করে পিটিশন দায়েরের অনুমতি দেয়া হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ ইন্ডিয়া জোটের কয়েকজন সদস্যকে। সোমবার (১২ অক্টোবর) ভারতের সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে নিজেদের আইনজীবীদের নিয়ে ৫ থেকে ১০ জন সদস্য আদালত চত্বরের ফাইলিং কাউন্টারে পিটিশন দায়ের করতে পারবেন।

    ফাইলিং কাউন্টারটি ভারতের সুপ্রিম কোর্টের হাই-সিকিউরিটি জোনের বাইরে অবস্থিত এবং কোনো রকম পাস বা ছাড়পত্র ছাড়াই যে কেউ এখানে প্রবেশ করতে পারেন। রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতারা সুপ্রিম কোর্ট অভিমুখে এ কর্মসূচিতে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন বামপন্থি ছাত্রনেতা নেহা বোরাও।

    গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দাবিতে আয়োজিত এ কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘চলো দিল্লি’। এদিন কনস্টিটিউশন ক্লাব থেকে বাসে করে কংগ্রেস এমপিরা বারাখাম্বা রোডের দিকে রওয়ানা হন। সেখান থেকে তাদের সুপ্রিম কোর্টের দিকে যাওয়ার কথা। এ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন ভারতের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

    এদিকে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি চেয়ে সোমবার পার্লামেন্ট স্ট্রিট থানায় যান ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাশ। দলটির নেতারা জানান, যন্তর মন্তরে বিক্ষোভের জন্য দিল্লি পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে তারিখ ও সময় নির্ধারণ না করলে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন নিষিদ্ধ করেছে দিল্লি পুলিশ। আজ সোমবার দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের স্বাক্ষরিত এক নির্দেশে উল্লেখ করা হয়েছে এ তথ্য। লিখিত নির্দেশে বিক্ষোভ-সমাবেশ আয়োজনের বিকল্প স্থান হিসেবে রাজধানীর তিনটি জায়গার নাম উল্লেখ করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। নতুন নির্ধারিত স্থানগুলো হলো মধ্য দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড। এসব স্থানে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের নিয়মকানুন নিয়ে সংশোধিত নির্দেশনা পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকেরা যাতে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের অধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য বিকল্প উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৮ এপ্রিল জারি করা পুলিশের একটি নির্দেশনায় বিক্ষোভ আয়োজনের স্থান ও নিয়মকানুন নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে ওই নির্দেশনার কিছু অংশ সংশোধন করা হয়েছে।

এদিকে, ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতির মধ্যেই বিক্ষোভ ও সমাবেশের নির্ধারিত স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ।

আরও