ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, সফল অস্ত্রোপচার

ফুসফুসে গাঁট হওয়া বেশ সাধারণ ঘটনা। এগুলো সব সময় ক্যান্সারও হয় না। তবে পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন, পোপের ফুসফুসে পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা রয়েছে। অস্ত্রোপচারের আগের পরীক্ষায়ও এ ধরনের ক্যান্সারের সন্দেহ করা হয়েছিল বলে জানিয়েছে ভ্যাটিকান

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিও। তবে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের দিকের একটি অংশ অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে বলেও জানিয়েছে ভ্যাটিকান। খবর বিবিসি।

রোমের জেমেলি হাসপাতালে গতকাল দেড় ঘণ্টা ধরে ৭১ বছর বয়সী পোপের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা পরে তার ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত করেন।

ভ্যাটিকান জানায়, অস্ত্রোপচার সফল হয়েছে এবং কোনো জটিলতা দেখা দেয়নি। অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জেগে ওঠেন। অল্প সময় পর্যবেক্ষণে রাখার পর তাকে আবার কক্ষে নেয়া হয়।

ভ্যাটিকানের ভাষ্য অনুযায়ী, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় প্রথম তার ফুসফুসে গাঁটটি শনাক্ত হয়। সুস্থ হয়ে উঠতে পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।

এর আগে পোপের জন্য হাসপাতালের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন বিপুলসংখ্যক মানুষ। গাড়িতে করে যাওয়ার সময় তিনি জানালার কাচ নামিয়ে হাত নেড়ে ও হাসিমুখে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন। উপস্থিত ব্যক্তিও তাকে শুভেচ্ছা জানান।

এদিকে ক্যান্সার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কিনা, তা জানতে আরো পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভ্যাটিকানের একটি সূত্র।

গত রোববার নিজেই নিজের অস্ত্রোপচারের খবর বিশ্ববাসীকে জানিয়েছিলেন পোপ চতুর্দশ লিও। সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দা থেকে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস আশীর্বাদ দেয়ার পর তিনি এ কথা জানান।

জেমেলি হাসপাতালের বক্ষব্যাধি অস্ত্রোপচার দলের চিকিৎসকরা পোপের অস্ত্রোপচার করেন। সুস্থ হয়ে ওঠার জন্য তাকে সময় দিতে ২০ অক্টোবর পর্যন্ত সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

ফুসফুসে গাঁট হওয়া বেশ সাধারণ ঘটনা। এগুলো সব সময় ক্যান্সারও হয় না। তবে পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন, পোপের ফুসফুসে পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা রয়েছে। অস্ত্রোপচারের আগের পরীক্ষায়ও এ ধরনের ক্যান্সারের সন্দেহ করা হয়েছিল বলে জানিয়েছে ভ্যাটিকান।

ভ্যাটিকান জোর দিয়ে বলেছে, সাধারণভাবে সুস্বাস্থ্যের অধিকারী বলে বিবেচিত পোপের শরীরে সংক্রমণ বা অসুস্থতার কোনো লক্ষণ ছিল না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গতকাল ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেন, ‘আমি কি উদ্বিগ্ন? হ্যাঁ, কারণ এমন কিছু ঘটবে বলে মোটেও আশা করিনি।’

খবরটিকে আকস্মিক বজ্রপাতের সঙ্গে তুলনা করে তিনি বলেন, পোপের ‘প্রশান্ত’ মনোভাব কার্ডিনালদের মুগ্ধ করেছে। তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারেও সবাই আশাবাদী।

আরও