দায়িত্ব গ্রহণের মাত্র ২৬ দিনের মাথায় পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। সোমবার সকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিস প্রাসাদ তার পদত্যাগের ঘোষণা দেয়।
ফরাসি সংবিধান অনুযায়ী, মন্ত্রিপরিষদ গঠনের পর পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু লেকর্নুর এই নাটকীয় প্রস্থান ঘটে তার মন্ত্রিসভা ঘোষণার মাত্র ২৬ দিনের মাথায়। এর আগে ফ্রাঁসোয়া বায়রুর সরকারের পতনের পর তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়েছিল।
তবে লেকর্নুর গঠিত মন্ত্রিসভা নিয়ে জাতীয় সংসদের একাধিক রাজনৈতিক দল তীব্র সমালোচনা করে। তাদের অভিযোগ ছিল, নতুন সরকারটি কার্যত বায়রুর সরকারেরই পুনরাবৃত্তি, এবং ক্যাবিনেটে বড় কোনো পরিবর্তন আনা হয়নি।
কয়েকটি দল এমনকি মন্ত্রিসভা গঠনের বিরোধিতা করে সংসদে অবিশ্বাস প্রস্তাব আনার হুমকিও দেয়।
প্রেসিডেন্ট মাখোঁর জন্য এই পদত্যাগ এক বড় ধাক্কা। পার্লামেন্টে কোনো একক দলের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ফ্রান্সের রাজনীতি দীর্ঘদিন ধরেই অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। লেকর্নুর পদত্যাগ সেই সংকটকে আরো গভীর করল।