কানাডায় ২০২৫ সালের ফেডারেল নির্বাচনে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি জয়ের পথে রয়েছে। তবে একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনের ফলাফল এখনো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় তারা সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবে কিনা তা নিশ্চিত নয়। এটি হলে টানা তৃতীয় নির্বাচনে লিবারেলদের আবারো সংখ্যালঘু সরকার গঠন করতে হতে পারে। খবর বিবিসি।
সম্পূর্ণ ফলাফল এখনো প্রকাশিত না হলেও লিবারেলরা যথেষ্ট আসনে এগিয়ে বা বিজয়ী হয়েছে, যাতে অন্য কোনো দল সরকার গঠনের সুযোগ পাচ্ছে না। লিবারেলদের নির্বাচনী রাতের অনুষ্ঠানে একের পর এক টেলিভিশন নেটওয়ার্ক দলটির বিজয়ের খবর প্রচার করলে উপস্থিত সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
মাত্র ছয় সপ্তাহ আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া মার্ক কার্নির জন্য এটি একটি বড় বিজয়। তিনি তার দলের সাবেক নেতা জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। ফেব্রুয়ারিতেও যেখানে লিবারেল পার্টির ভবিষ্যত অনিশ্চিত মনে হচ্ছিল সেখানে এই জয় মূলত নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং ব্লক কেবেকোয়া দলের ভরাডুবির কারণে সম্ভব হয়েছে।
এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কানাডার কৌশলগত প্রতিক্রিয়া। নির্বাচনের দিন ট্রাম্প আবারো মন্তব্য করেন, কানাডার উচিত যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া।