পূর্ব চীনের কিংদাও শহরে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কারখানায় মেরামতের কাজে থাকা বিদেশী পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে। খবর রয়টার্স।
সিনহুয়া জানিয়েছে, কিংদাও বেইহাই শিপইয়ার্ডে মেরামত ও পরিদর্শনের কাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। সে সময় জাহাজটিতে মেরামত কাজে থাকা ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। তাদের মধ্যে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরের আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্রুত তদন্ত এবং দায় নির্ধারণেরও নির্দেশ দেন তিনি।
সিনহুয়া প্রকাশিত ঘটনাস্থলের ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। এলএসইজির জাহাজ চলাচল পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য অনুযায়ী, এটি লাইবেরিয়ার পতাকাবাহী ড্রাই বাল্ক ক্যারিয়ার। জাহাজটি পরিচালনার দায়িত্বে রয়েছে ইউইয়াংকুনপেং সাংহাই শিপ ম্যানেজমেন্ট এবং নিবন্ধিত মালিক হিসেবে তালিকাভুক্ত রয়েছে হুইলি শিপিং কোম্পানি লিমিটেড।
এলএসইজির তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট কিংদাও শিপইয়ার্ডে পৌঁছায় জাহাজটি। এরপর থেকে এটি সেখানেই ছিল।