১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থানান্তর করতে চায় যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে এক দশকেরও বেশি সময় আগে লিবিয়ার জব্দ করা কয়েকশ বিলিয়ন ডলারের তহবিল ছাড় দেয়ার পরিকল্পনাও রয়েছে।

যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে এক দশকেরও বেশি সময় আগে লিবিয়ার জব্দ করা কয়েকশ বিলিয়ন ডলারের তহবিল ছাড় দেয়ার পরিকল্পনাও রয়েছে। আর গাজা ছেড়ে যাওয়া ফিলিস্তিনিদের দেয়া হবে আর্থিক সহায়তা, বিনামূল্যে বাড়ি ও ভাতা। খবর এনবিসি।

পরিকল্পনার সঙ্গে জড়িত তিনটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম এনবিসি জানিয়েছে, ইসরায়েলকে সর্বদা এ বিষয়ের হালনাগাদ তথ্য জানানো হচ্ছে। এই পরিকল্পনার প্রেক্ষাপটে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শেষ করার পরই প্রশাসন গাজাবাসীদের লিবিয়ায় স্থানান্তরের চিন্তা শুরু করে। যদিও এখন পর্যন্ত লিবিয়ার সরকারের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, আলোচনা চলছে। সেই সঙ্গে আশ্রয়প্রার্থীদের জন্য আর্থিক সহায়তা, বিনামূল্যে আবাসন, ও শিক্ষাবৃত্তি দেয়ার বিষয়টি প্রণোদনা হিসেবে বিবেচিত হচ্ছে।

লিবিয়াকে রাজি করাতে এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ছাড় দেয়ার পরিকল্পনাও রয়েছে। তবে এনবিসির তথ্যমতে, এই আলোচনার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা জাতীয় নিরাপত্তা পরিষদ কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনিদের মধ্যে আদৌ কতজন গাজা ছেড়ে লিবিয়া যেতে আগ্রহী, তা এখনো স্পষ্ট নয়।

এ প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম। তিনি একে গুজব বলে উড়িয়ে দিলেও বলেন, যদি সত্যিই এমন পরিকল্পনা থেকে থাকে তবে তিনি এর কঠোর নিন্দা জানাচ্ছেন। ফিলিস্তিনিদের ব্যাপারে শুধুমাত্র ফিলিস্তিনিরাই সিদ্ধান্ত নেবে। কী করা হবে কী করা হবে না এ ব্যাপারে তারাই বুঝবেন।

আরও