নেপালে ভয়াবহ বন্যায় দুই শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এছাড়া প্রায় ২০ শিক্ষার্থী বন্যার স্রোতে ভেসে গেছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসি।
গত বুধবার আঘাত হানা এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, এর মধ্যে অন্তত নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরো সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অধিকাংশই রাসুয়া ও নুয়াকোট জেলায়। এ দুই জেলার কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যায় এসব স্কুলের কোনোটি পানিতে তলিয়ে গেছে, আবার কোনোটি মাটিচাপা পড়েছে।
একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাসও ভেসে গেছে। নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে আকস্মিক বন্যায় কয়েকদিন স্কুলে আটকে থাকার পর নিজেদের পরিবার বা অভিভাবকের কাছে ফিরেছে কয়েক ডজন শিশু।
দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, তারা ৬৯ শিশুকে তাদের পরিবার ও অভিভাবকের সঙ্গে পুনর্মিলিত করেছে। তবে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়ে অনেক শিশু এখনো আতঙ্কিত অবস্থায় রয়েছে।
নেপালে সংস্থাটির মানবিক সহায়তা সমন্বয়কারী রবিন দাহাল বলেন, তারা এর আগে কখনো এত বড় মাত্রার দুর্যোগ দেখেনি।
সংস্থাটির মাঠপর্যায়ের কর্মীদের বরাতে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত প্রায় ২ হাজার প্রাপ্তবয়স্ক ও ৬৫০ শিশু উদ্ধারের অপেক্ষায় ছিল।